logo

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত জ্যোতিদের

আগেভাগেই বিশ্বকাপ নিশ্চিত জ্যোতিদের

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ নারী দল।

বুধবার (২৮ জানুয়ারি) থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা পঞ্চম ম্যাচে জয় তুলে নিয়েছেন নিগার সুলতানারা।

এই জয়ের পর যুক্তরাষ্ট্রের বিপক্ষে নেদারল্যান্ডসের পরাজয়ের ফলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস—দুই দলই মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব থেকে বাকি দুই দল হিসেবে বিশ্বকাপে যাওয়ার দৌড়ে এগিয়ে স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড। 

এখন পর্যন্ত কোনো পয়েন্ট না পাওয়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডের সম্ভাবনা আর নেই বললেই চলে।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৬৫ রান। এটি নারী টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। জবাবে থাইল্যান্ড নির্ধারিত ওভারে ১২৬ রানে গুটিয়ে যায়।

সুপার সিক্স পর্বে বর্তমানে টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। তিন ম্যাচে তিন জয়ে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাওয়া জয়গুলোর পয়েন্ট সুপার সিক্সে যুক্ত হয়েছে। একই গ্রুপের দলগুলো এই পর্বে আবার মুখোমুখি না হওয়ায়, সুপার সিক্সে প্রতিটি দল খেলছে তিনটি করে ম্যাচ, তবে হিসাব করা হচ্ছে মোট পাঁচ ম্যাচের পয়েন্ট ধরে।

রানরেটের দিক থেকেও বাংলাদেশের অবস্থান শক্ত। বর্তমানে নিগারদের নেট রানরেট ১.১৫০। এই পর্বে তাদের চেয়ে ভালো রানরেট কেবল স্কটল্যান্ডের (১.৩৫৬), যাদের তিন ম্যাচে পয়েন্ট ৪। 

সুপার সিক্সের শীর্ষ চার দল জায়গা করে নেবে আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে।