মধ্যপ্রাচ্যের উত্তেজনায় অনিশ্চিত পাকিস্তানের বাংলাদেশ সফর
-1772456357-5231_1772456372.webp)
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাব পড়েছে পাকিস্তানের আসন্ন বাংলাদেশ সফরেও। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ পাকিস্তান দলের ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে সফরটি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা—এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিওসুপার।
সূত্রের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, ভ্রমণ ঝুঁকি বা নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগ না বাড়লে তবেই সিরিজটি নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সিরিজের তিনটি ম্যাচই ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১১, ১৩ ও ১৫ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা।
একই সঙ্গে পাকিস্তান দলে বড় ধরনের পরিবর্তনের আভাসও মিলছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল পুনর্গঠনের পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এ লক্ষ্যে চলতি সপ্তাহেই নির্বাচক কমিটির বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
ভিতরের সূত্র বলছে, সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়া হতে পারে। বাবর আজম, সাইম আইয়ুব ও মোহাম্মদ নওয়াজের মতো প্রথম সারির খেলোয়াড়দের অবস্থান নিয়েও আলোচনা হচ্ছে বলে জানা গেছে।
টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের সামনে তাৎক্ষণিক কোনো সিরিজ না থাকায় সে দলে দ্রুত পরিবর্তনের সম্ভাবনা কম। তবে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে পাঁচ-ছয়জন ক্রিকেটারকে ধীরে ধীরে বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের দাবি।
সবশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তান খেলেছিল গত নভেম্বরে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজে তারা ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল। সেটি ছিল অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির দ্বিতীয় ওয়ানডে সিরিজ, যেখানে তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘরের মাঠে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল পাকিস্তান।
বর্তমান পরিস্থিতিতে তাই দুই দিকেই নজর—একদিকে আঞ্চলিক নিরাপত্তা বাস্তবতা, অন্যদিকে ভবিষ্যৎ পরিকল্পনায় দল পুনর্গঠনের রূপরেখা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ আদৌ মাঠে গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।