logo

দলের সঙ্গে যোগ দিতে আজই আমিরাত যাচ্ছেন শান্ত

দলের সঙ্গে যোগ দিতে আজই আমিরাত যাচ্ছেন শান্ত
সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: ভিডিও থেকে নেওয়া

এশিয়ান গেমসে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি নাজমুল হোসেন শান্ত। সেই অসুস্থতার পর আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে তার খেলা নিয়েও তৈরি হয়েছিল সংশয়। তবে সেই শঙ্কা কেটে আজই সংযুক্ত আরব আমিরাতে দলের সঙ্গে যোগ দিতে রওনা হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আজ সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন।’

শান্তর ফেরার অর্থ, আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে নেতৃত্বও তার হাতেই থাকছে।

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে ফেরানো হয়েছিল শান্তকে। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে জাপানে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয় তাকে। এরপর আফগানিস্তান সিরিজের টেস্ট দল আরব আমিরাতে গেলেও সঙ্গে ছিলেন না তিনি।

শান্তর অনুপস্থিতিতে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের লাল বলের প্রস্তুতি ম্যাচ দিয়ে মূল টেস্টের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের দলে আছেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন। বোলিং বিভাগে রয়েছেন নাঈম হাসান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ।