ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়াল বিসিবি

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি নতুন করে নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের ক্রিকেটে এখন থেকে প্রতি ম্যাচে একজন ক্রিকেটার পাবেন দেড় লাখ টাকা। ওয়ানডেতে ম্যাচ ফি এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার বিসিবি পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়। ওয়ার্কিং কমিটির প্রস্তাব অনুযায়ী পুরুষ ও নারী ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন সংস্করণের ম্যাচ ফি সংশোধন করেছে বোর্ড।
পুরুষদের চার দিনের ক্রিকেটে ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এক দিনের ম্যাচে ক্রিকেটাররা পাবেন ১ লাখ টাকা এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করে।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় একাদশের প্রতিটি ম্যাচের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার টাকা।
নারীদের ঘরোয়া ক্রিকেটেও নতুন ম্যাচ ফি অনুমোদন করেছে বিসিবি। তিন দিনের ম্যাচে একজন ক্রিকেটার পাবেন ৪০ হাজার টাকা। এক দিনের ম্যাচে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে পাবেন তারা।
একই সভায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দৈনিক ভাতাও বাড়ানো হয়েছে। এতদিন যেখানে প্রতিদিন ১০ হাজার টাকা দেওয়া হতো, এখন তা দ্বিগুণ করে ২০ হাজার টাকা করা হয়েছে।
ঘরোয়া ক্রিকেটের আর্থিক কাঠামো পুনর্বিন্যাসের পাশাপাশি প্রতিযোগিতার কাঠামোতেও বড় পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
