প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে ফিল্ডিং নিল বাংলাদেশ

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, ভালো উইকেটে আগে বোলিং করে কিউইদের কম রানে আটকে রাখাই লক্ষ্য স্বাগতিকদের।
বাংলাদেশ একাদশে আছে তিন পেসার, দুই স্পিনার ও ছয় ব্যাটার। পেস আক্রমণে শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের সঙ্গে খেলছেন অভিষিক্ত রিপন মন্ডল। স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।
অন্যদিকে ম্যাচ শুরুর আগে বড় ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। অনুশীলনে ব্যাটিং করার সময় ডান পায়ের বড় আঙুলে চোট পাওয়ায় আজকের ম্যাচ থেকে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক টম ল্যাথাম। তার বদলে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন নিক কেলি। কেলি জানিয়েছেন, ল্যাথামের চোট খুব গুরুতর নয়, পরের ম্যাচেই তাকে ফিরে পাওয়ার আশা করছে দল।
চট্টগ্রামের উইকেটকে ব্যাটিং সহায়ক বলছেন পিচ বিশ্লেষক এইচডি অ্যাকারম্যান। তার মতে, উইকেটে ভালো বাউন্স থাকবে, স্পিন খুব বেশি ধরার সম্ভাবনা কম। ২০২৫ সালে এই ভেন্যুতে ছয় টি-টোয়েন্টিতে গড় স্কোর ছিল ১৫৫, তবে আজকের উইকেট দেখে ১৭০ রানের বেশি করাকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সংগ্রহ হিসেবে ধরা হচ্ছে।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিপন মন্ডল।
নিউজিল্যান্ড একাদশ
টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, নিক কেলি, বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, ম্যাথিউ ফিশার, বেন লিস্টার।