আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি পেল চিন্নাস্বামী স্টেডিয়াম

আসন্ন আইপিএল মৌসুমে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ)। কর্ণাটক সরকারের অনুমোদনের ফলে এবার নির্ধারিত সূচি অনুযায়ীই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এই ভেন্যুতে ম্যাচ খেলতে পারবে।
আইপিএল ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি হবে ২৮ মার্চ, যেখানে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও সানরাইজার্স হায়দরাবাদ।
কেএসসিএর সচিব সন্তোষ মেনন জানিয়েছেন, সম্প্রতি স্টেডিয়ামে করা অবকাঠামোগত পরিবর্তন ও নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন পর্যালোচনা করে বিশেষজ্ঞ কমিটি সন্তোষ প্রকাশ করেছে। ১৩ মার্চ একটি পরিদর্শন ও মক ডেমোনস্ট্রেশনের পর তারা তাদের প্রতিবেদন সরকারের কাছে জমা দেয়।
পরে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী ড. জি পরমেশ্বরের সভাপতিত্বে বিধান সৌধায় অনুষ্ঠিত এক বৈঠকে সেই প্রতিবেদন উপস্থাপন করা হয়। পর্যালোচনা শেষে সরকার চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল ম্যাচ আয়োজনের অনুমতি দেয়।
গত বছরের জুনে আরসিবির ট্রফি উদ্যাপন অনুষ্ঠানে ভিড়ের মধ্যে পদদলিত হওয়ার একটি ঘটনা ঘটেছিল। সে ঘটনার পর বড় ক্রীড়া আয়োজনের ক্ষেত্রে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়।
কেএসসিএ জানিয়েছে, বিশেষজ্ঞ কমিটির সুপারিশ বাস্তবায়নে তারা রাজ্য সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করেছে। এর ফলেই আবারও নিয়মিতভাবে ক্রিকেট ম্যাচ আয়োজনের সুযোগ ফিরে পেয়েছে ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম।
নতুন সূচি অনুযায়ী আরসিবির পাঁচটি লিগ ম্যাচ চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়া এখানে একটি প্লে-অফ ম্যাচ ও ফাইনাল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। তবে দলের বাকি দুটি হোম ম্যাচ অনুষ্ঠিত হবে রায়পুরে।