পাকিস্তানের ১১ পয়েন্ট কেটে নিল আইসিসি

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ধীর ওভার রেটের বড় শাস্তি পেল পাকিস্তান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাবর আজমদের ১১ পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। সঙ্গে দলের খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।
বার্মিংহামে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ের হিসাব শেষে পাকিস্তান ১১ ওভার পিছিয়ে ছিল। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে তাই এই শাস্তি দেন।
আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে প্রতি এক ওভার কম করার জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। তবে জরিমানার সর্বোচ্চ সীমা ৫০ শতাংশ। একই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে প্রতি ওভার ঘাটতির জন্য কাটা হয় একটি করে পয়েন্ট। সেই হিসাবে পাকিস্তানের ১১ পয়েন্ট কাটা গেছে।
অভিযোগ মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। প্রস্তাবিত শাস্তিও গ্রহণ করায় এ নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শাস্তিটি এমন সময় এল, যখন ইংল্যান্ড সফরটাও ভুলে যাওয়ার মতো কেটেছে পাকিস্তানের। এজবাস্টনে তৃতীয় টেস্টে ৮ উইকেটে হেরে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে তারা। পয়েন্ট কাটার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে সবার নিচে রয়েছে পাকিস্তান।
পাকিস্তানের পরবর্তী টেস্ট সিরিজ নভেম্বরে। ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।


