বাংলাদেশের জন্য বিশ্বকাপ বয়কটের পরিকল্পনা নেই পাকিস্তানের

বাংলাদেশকে ঘিরে চলমান ভেন্যু-সংকটের মধ্যেও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ-এর প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, বিশ্বকাপ বয়কটের গুঞ্জনকে সরাসরি নাকচ করেছে পিসিবি; বরং আগের পরিকল্পনা অনুযায়ীই তারা টুর্নামেন্টে অংশ নেবে।
গালফ নিউজকে পিসিবির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘এটি বোর্ডের অবস্থান নয়। পাকিস্তানের সরে দাঁড়ানোর কোনো যুক্তিসংগত কারণ নেই, কারণ আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় হওয়ার বিষয়টি আগেই নিশ্চিত।’ অর্থাৎ বাংলাদেশের ভেন্যু-জটিলতার সঙ্গে পাকিস্তানের অংশগ্রহণকে যুক্ত করে দেখা ঠিক নয়— এটাই পিসিবির বার্তা।
সম্প্রতি পাকিস্তানের কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল, বিশ্বকাপ প্রস্তুতি সাময়িকভাবে স্থগিত করেছে পিসিবি। তবে বোর্ডের ঘনিষ্ঠ মহল বলছে, এসব খবর বিভ্রান্তিকর; টিম ম্যানেজমেন্টকে কেবল সম্ভাব্য সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিশ্বকাপ পরিকল্পনা বাতিল বা স্থগিতের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তবে পাকিস্তান বাংলাদেশের অবস্থানের প্রতি রাজনৈতিক ও নৈতিক সমর্থন জানিয়েছে। পিসিবির মতে, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের উদ্বেগ ‘যৌক্তিক ও বাস্তবসম্মত’। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর ভারতীয় ভেন্যু নিয়ে বিসিবির আপত্তিকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে।
আইসিসির নিরাপত্তা মূল্যায়নে অবশ্য বলা হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশ দলের জন্য ‘নগণ্য ঝুঁকি’ রয়েছে। এরপরও বাংলাদেশ সরকার ও বিসিবি তাদের অবস্থান থেকে সরে আসেনি এবং বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা বা ভারতের বাইরে খেলার দাবি জানিয়ে যাচ্ছে।
আইসিসি গ্রুপ বদলের প্রস্তাবে আগ্রহী না হওয়ায় এখন চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতেই। কিন্তু এই জটিলতার মাঝেও পাকিস্তান পরিষ্কার করেছে— বাংলাদেশের সংকটের কারণে তারা বিশ্বকাপ থেকে সরে যাবে না।
ফলে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আসরে পাকিস্তান মাঠে থাকবে; প্রশ্ন এখন শুধু— বাংলাদেশ থাকবে কি না।