প্রথম সভাতেই বড় দায়িত্ব পেলেন তামিম

দেশের ক্রিকেট প্রশাসনের পর এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন তামিম ইকবাল। বিসিবি সভাপতি হিসেবে প্রথমবার এসিসির বার্ষিক সাধারণ সভায় অংশ নিয়েই সংস্থাটির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।
গত ২২ আগস্ট থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হয় এসিসির বার্ষিক সাধারণ সভা। এতে সংস্থাটির সব সদস্য দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিসিবির নেতৃত্ব নেওয়ার পর এটিই ছিল এসিসির কোনো সভায় তামিমের প্রথম অংশগ্রহণ।
এশিয়ার বিভিন্ন দেশে ক্রিকেটের প্রসার, উদীয়মান ক্রিকেটীয় শক্তিগুলোর জন্য সুযোগ তৈরি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে কাজ করে গেম ডেভেলপমেন্ট কমিটি। তামিমকে এই কমিটির চেয়ারম্যান করার ফলে এশিয়ার ক্রিকেট উন্নয়ন পরিকল্পনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হলো।
সভায় এসিসির প্রশাসনিক কাঠামোতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এত দিন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে পালাক্রমে এসিসির সভাপতির দায়িত্ব বদল হতো। নতুন সিদ্ধান্তে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকেও সেই তালিকায় যুক্ত করা হয়েছে। ফলে ভবিষ্যতে পালাক্রমে এসিসির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে আফগানিস্তানও।
সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের সহসভাপতি খালিদ আল জারুনিকে সর্বসম্মতভাবে এসিসির নতুন সহসভাপতি নির্বাচিত করা হয়েছে।
২০২৬ থেকে ২০২৮ মেয়াদের নির্বাহী বোর্ডেও নতুন প্রতিনিধি নির্বাচন করা হয়। টেস্ট না খেলা পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন কাতার ও সিঙ্গাপুরের কর্মকর্তারা। সহযোগী সদস্যদের মধ্য থেকে মালদ্বীপ ও বাহরাইনের প্রতিনিধিরা পালাক্রমে দায়িত্ব পালন করবেন।



