অবশেষে রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে রাজশাহী। বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী দলের ওয়ানডে সিরিজ দিয়েই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটছে এই সিরিজের মাধ্যমে।
রোববার ট্রফি উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজের প্রস্তুতি শুরু হয়। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ও শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু একসঙ্গে ট্রফি উন্মোচন করেন এবং আসন্ন সিরিজ নিয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
রাজশাহীর এই মাঠে আগে বয়সভিত্তিক ও ইমার্জিং দলের ম্যাচ হলেও কখনোই জাতীয় দলের আন্তর্জাতিক ম্যাচ হয়নি। সেই হিসেবে এটি ভেন্যুটির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল, এরপর ২২ ও ২৫ এপ্রিল বাকি দুই ওয়ানডে।
বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা এই সিরিজকে শুধু প্রতিযোগিতা নয়, ভেন্যুর জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন।
‘এখানে আগে ঘরোয়া ক্রিকেট খেলেছি, কিন্তু আন্তর্জাতিক ম্যাচ এই প্রথম। উইকেট ভালো এবং ব্যাটিং–সহায়ক,’ বলেন তিনি।
তিনি মনে করেন, দেশের বাইরে বিশ্বকাপের আগে এমন কন্ডিশনে খেলা দলের প্রস্তুতিতে সহায়ক হবে। একই সঙ্গে ঢাকার বাইরে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার গুরুত্বও তুলে ধরেন নিগার।
‘সবকিছু ঢাকাকেন্দ্রিক হলে হবে না। বাইরের ভেন্যুগুলোতেও নিয়মিত খেলা দরকার,’ যোগ করেন তিনি।
শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুও নতুন ভেন্যুতে খেলতে উচ্ছ্বসিত।
‘এই মাঠ এখনও পুরোপুরি আন্তর্জাতিক ভেন্যু নয়, তবে কন্ডিশন ভালো। আমাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলা,’ বলেন তিনি।
রাজশাহীর গরম আবহাওয়া নিয়ে কিছুটা চ্যালেঞ্জ থাকলেও দুই দলই তা সামলে নেওয়ার ব্যাপারে আশাবাদী। সব ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়।