logo

ভারত ম্যাচ বিতর্কে ২০৩১ বিশ্বকাপ নিয়েও শর্ত দিল পাকিস্তান-বাংলাদেশ

ভারত ম্যাচ বিতর্কে ২০৩১ বিশ্বকাপ নিয়েও শর্ত দিল পাকিস্তান-বাংলাদেশ

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসা নিয়ে আইসিসির সঙ্গে আলোচনার মাঝেই নতুন শর্ত সামনে আনছে পাকিস্তান ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে তারা ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন নিয়েও ‘হাইব্রিড মডেল’ দীর্ঘায়িত করার দাবি তুলেছে।

ভারত ও বাংলাদেশ যৌথভাবে ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে। তবে পাকিস্তান ও বাংলাদেশের বোর্ড চাইছে, বর্তমান হাইব্রিড মডেলের মেয়াদ ২০২৭ পর্যন্ত সীমাবদ্ধ না রেখে ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হোক। এই প্রস্তাব কার্যকর হলে পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের সব ম্যাচ নিজ নিজ দেশে খেলতে পারবে—এমনটাই তাদের যুক্তি।

ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ ঘিরে চলমান অচলাবস্থা নিরসনে রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের মধ্যে প্রায় চার ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে কোনো যৌথ ঘোষণা দেওয়া হয়নি। সংশ্লিষ্ট সূত্রের দাবি, পাকিস্তান সরকারের অনুমোদন পাওয়ার পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হতে পারে।

হাইব্রিড মডেল কী?

২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে ভারত পাকিস্তান সফরে যেতে অস্বীকৃতি জানালে দীর্ঘ আলোচনার পর হাইব্রিড মডেল চালু হয়। সেই ব্যবস্থায় পাকিস্তান আয়োজক হলেও ভারতের ম্যাচগুলো সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়। পাল্টা হিসেবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতে না গিয়ে শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলবে—এমন সমঝোতা হয়, যা ২০২৭ পর্যন্ত বহাল থাকার কথা।

এখন পাকিস্তান ও বাংলাদেশ চাইছে, একই মডেল ২০৩১ সাল পর্যন্ত বাড়ানো হোক, যাতে ভবিষ্যৎ বড় টুর্নামেন্টেও তারা নিজ দেশে ম্যাচ আয়োজনের নিশ্চয়তা পায়।

পাকিস্তানের আগের তিন দাবি

ভারত ম্যাচ বয়কট প্রসঙ্গে অচলাবস্থা কাটাতে আইসিসির কাছে আগেই তিন দফা শর্ত তুলেছিল পিসিবি। সেগুলো হলো—

  • ১. বাংলাদেশের জন্য বাড়তি আর্থিক ক্ষতিপূরণ,
  • ২. টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও বাংলাদেশের অংশগ্রহণ ফি নিশ্চিত করা,
  • ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের অধিকার দেওয়া।

সাম্প্রতিক বৈঠকের পর পরিস্থিতি কিছুটা ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও অনিশ্চিত। ক্রিকেট মহলে এখন নজর ১৫ ফেব্রুয়ারির বহুল আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি ও সংশ্লিষ্ট বোর্ডগুলোর পরবর্তী পদক্ষেপের দিকে। 

সূত্র : এনডিটিভি