logo

এবার ভারতে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজও

এবার ভারতে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজও

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজ দেশে ফেরার কথা ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। তবে মধ্যপ্রাচ্যে চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় তাদের যাত্রা আপাতত স্থগিত হয়েছে।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে সামরিক তৎপরতার ফলে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকির কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ী দলটির ভারত ত্যাগ সম্ভব হয়নি।

বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি), সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ এবং বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যত দ্রুত সম্ভব নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার চেষ্টা চলছে।

বর্তমানে দলটি ভারতে নিরাপদ আবাসনে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সিডব্লিউআই। ভ্রমণসূচি চূড়ান্ত হলে সমর্থক ও সংশ্লিষ্টদের জানানো হবে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে লিগ পর্বে অপরাজিত থাকলেও সুপার এইটে ছন্দ হারায়। কলকাতার ইডেন গার্ডেনে শেষ ম্যাচে ভারতের কাছে পাঁচ উইকেটে হেরে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে পড়ে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।

সেই ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১৯৫/৪ তোলে ক্যারিবীয়রা। রোস্টন চেজ করেন ৪০ রান, শাই হোপ ৩২, শিমরন হেটমায়ার ২৭। শেষ দিকে জেসন হোল্ডার (অপরাজিত ৩৭) ও রভম্যান পাওয়েলের (অপরাজিত ৩৪) ৭৬ রানের জুটি দলকে বড় সংগ্রহ এনে দেয়।

তবে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ২/৩৬ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জবাবে সঞ্জু স্যামসনের ৫০ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে ভর করে চার বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ভারত।

বিশ্বকাপ মিশন শেষ হলেও এখন ওয়েস্ট ইন্ডিজ দলের সামনে বড় চ্যালেঞ্জ নিরাপদে দেশে ফেরা। মধ্যপ্রাচ্যের উত্তেজনা আন্তর্জাতিক ভ্রমণ ব্যবস্থায় প্রভাব ফেলছে এরই ধারাবাহিকতায় দেরি হচ্ছে তাদের প্রত্যাবর্তন।