পদ্মায় বাসডুবি: শোকে স্তব্ধ তামিম-মুশফিকরা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক জানিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি জানিয়েছেন সহমর্মিতা ও সমবেদনা।
বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ঘাটের ৩ নম্বর পন্টুনে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি বাস ফেরিতে ওঠার মুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
হৃদয়বিদারক এই ঘটনার পর শোক জানিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানসহ অনেকে।
আরও পড়ুন: পদ্মায় বাসডুবিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে তামিম ইকবাল লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্ষতিগ্রস্ত সবার জন্য দোয়া করছি—আল্লাহ যেন তাদের পরিবারকে ধৈর্য ও শক্তি দান করেন।’
মুশফিকুর রহিম বলেন, ‘দুর্ঘটনার ভিডিও দেখে নিজেকে অসহায় মনে হয়েছে। বুকভরা কষ্ট নিয়ে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন—এটাই প্রার্থনা।’
সাকিব আল হাসান তার বার্তায় জানান, ‘এই মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি। নিখোঁজদের দ্রুত উদ্ধারের জন্য প্রার্থনা করছি।’
নুরুল হাসান সোহান লিখেছেন, ‘ফেরিঘাটের এই দুর্ঘটনা ভাষায় প্রকাশের বাইরে। আমি নিজেও এই পথে চলাচল করি—আজ হয়তো আমিও সেখানে থাকতে পারতাম। আল্লাহ সবাইকে হেফাজত করুন এবং শোকাহত পরিবারগুলোকে ধৈর্য দান করুন।’