Advertisement

বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি সাবেক বোর্ডের

এশিয়া পোস্ট স্পোর্টস
বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি সাবেক বোর্ডের
বিসিবি। ছবি: সংগৃহীত

৭ জুন অনুষ্ঠেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি জানানো হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদলের কাছে।

Advertisement


মঙ্গলবার (২ জুন) ঢাকায় আইসিসির দুই প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার ড. মোহাম্মদ মোসাজে ও জিম্বাবুয়ের তাভেংওয়া মুকুলানির সঙ্গে বৈঠকে এ দাবি জানান আমিনুল ইসলাম নেতৃত্বাধীন আগের বোর্ডের চার পরিচালক।

বৈঠকে উপস্থিত ছিলেন আসিফ আকবর, আহসান ইকবাল চৌধুরী, এম নাজমুল ইসলাম ও হাসানুজ্জামান। পরে নিজেদের বিসিবির নির্বাচিত নেতৃত্ব দাবি করে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বৈঠকের বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আইসিসির প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে বর্তমান বোর্ড বিভ্রান্তিকর তথ্য দিয়েছে। এর আগে ৩১ মে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার জন্য আইসিসির প্রতিনিধিরা ঢাকায় আসছেন।

তবে সাবেক বোর্ডের পরিচালকদের দাবি, আইসিসির প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে আসেননি। তাদের ভাষ্য অনুযায়ী, প্রতিনিধিদল বৈঠকে জানিয়েছে, তারা মূলত বিসিবির বর্তমান পরিচালনব্যবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এসেছে। নির্বাচন পর্যবেক্ষণ বা তদারকির কোনো দায়িত্ব আইসিসি থেকে তাদের দেওয়া হয়নি বলেও দাবি করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বৈঠকে আইসিসির দুই প্রতিনিধির কাছে কয়েকটি দাবি তুলে ধরেন আমিনুল নেতৃত্বাধীন বোর্ডের প্রতিনিধিরা। এরমধ্যে ৭ জুনের নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি ছিল অন্যতম। পাশাপাশি আইসিসি প্রতিনিধিদল যেন প্রকাশ্যে জানায় যে তারা নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশে আসেনি, সে দাবিও জানানো হয়েছে।

বিসিবি নির্বাচন সামনে রেখে আইসিসির প্রতিনিধিরা এরই মধ্যে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে তারা বৈঠক করেন বিসিবির অন্তর্বর্তী কমিটির প্রধান তামিম ইকবাল ও সদস্য ফাহিম সিনহার সঙ্গেও।

বিসিবি নির্বাচনকে স্বীকৃতি না দেওয়ার দাবি সাবেক বোর্ডের