logo

পদকের আগে প্রথম ম্যাচেই চোখ সালাহউদ্দিনের

পদকের আগে প্রথম ম্যাচেই চোখ সালাহউদ্দিনের
মোহাম্মদ সালাহউদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

এশিয়ান গেমসকে আর দশটা দ্বিপক্ষীয় সিরিজের মতো দেখছে না বাংলাদেশ দল। দেশের জন্য পদক জয়ের সুযোগ থাকায় এই আসরের গুরুত্ব ক্রিকেটারদের কাছেও অনেক বেশি বলে মনে করেন বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তার বিশ্বাস, প্রত্যাশার চাপ সামলে ভালো করার মতো মানসিক প্রস্তুতিও আছে দলের।

এশিয়ান গেমসে নিজেদের অভিযান শুরুর আগে লিটন-শান্তদের কোচ বলেন, ‘আমাদের মনে হয়, এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যখন দ্বিপক্ষীয় সিরিজ খেলি, সেটা হয়তো ক্রিকেটাররাই বেশি ফোকাস করে। কিন্তু এখানে পুরো দেশের মানুষ, জনগণ এটার দিকে তাকিয়ে থাকে। একটা মেডেল আমাদের জন্য। ছেলেদের সেই মোটিভেশনটা আছে।’

নারী দলের পদক জয়ের আশা পূরণ না হওয়ায় পুরুষ দলের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে কি না, এমন প্রশ্নেও চাপকে এড়িয়ে যেতে চাননি বাংলাদেশের কোচ।

সালাহউদ্দিন বলেন, ‘আপনি যদি টপ লেভেলের ক্রিকেট খেলতে চান, তাহলে আপনাকে চাপ নিতেই হবে। চাপ নেওয়াটা বড় খেলোয়াড়ের লক্ষণ, বড় দলের লক্ষণ। চাপ না থাকলেও আপনি খারাপ করবেন, আবার বেশি চাপ নিলেও খারাপ করবেন। সবকিছুই খেলোয়াড়দের হ্যান্ডেল করতে হয়।’

বাংলাদেশের সামনে অবশ্য এখনই পদকের হিসাব করতে চান না তিনি। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম ম্যাচ। দীর্ঘ বিরতির পর সরাসরি নকআউট ম্যাচে নামা সহজ হবে না বলেই মনে করছেন সালাহউদ্দিন।

তিনি বলেন, ‘প্রতিটা টুর্নামেন্টের প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। হঠাৎ করে পাঁচ-সাত দিন ম্যাচ না খেলে সরাসরি ম্যাচ খেলাটা খুব কঠিন। প্রথম ম্যাচটা আমার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওই দিন আমরা কেমন খেলছি, সেখান থেকে পরেরটা ভাবব।’

প্রতিকূল আবহাওয়া ও সীমিত অনুশীলন সুবিধাকেও বড় অজুহাত হিসেবে দেখছেন না সালাহউদ্দিন। তার দাবি, এমন পরিস্থিতির কথা মাথায় রেখেই দেশে প্রস্তুতি নিয়ে এসেছে বাংলাদেশ।

‘আমরা এটা নিয়ে ওয়ার্কআউট করে এসেছি। আমাদের চিন্তাই ছিল, এখানে এমন হতে পারে। অন্য দলগুলোরও একই অবস্থা। আমরা তাই এটা নিয়ে খুব বেশি চিন্তিত নই,’ বলেন তিনি।

ম্যাচের উইকেটও দেখেছেন বাংলাদেশের কোচ। তার ধারণা, একই মাঠে বারবার খেলা হওয়ায় উইকেট কিছুটা মন্থর হতে পারে। পাশাপাশি বৃষ্টির কারণে পর্যাপ্ত রোদ না পাওয়াটাও প্রভাব ফেলতে পারে।

সালাহউদ্দিন বলেন, ‘উইকেট দেখতে ভালোই লাগে। কিন্তু একই মাঠে বারবার খেলা হয় বলে একটু স্লো হতে পারে। একটু বিশ্রাম পেলে হয়তো আরও ভালো হতো। সবসময় বৃষ্টি হচ্ছে, রোদও পাচ্ছে না।’

প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার সুযোগও দেখছেন না তিনি। বিশেষ করে নকআউট পর্বে টস ও কন্ডিশন বড় ভূমিকা রাখতে পারে বলে সতর্ক করেছেন সালাহউদ্দিন।

‘আগেই জিতে যাওয়া উচিত না। খেলে আমাদের জিততে হবে। ওইভাবেই আমরা মানসিক প্রস্তুতি নিচ্ছি,’ বলেন তিনি।

এখন তাই পদকের হিসাবের আগে প্রথম বাধাটাই পার হতে চান বাংলাদেশের কোচ। নকআউট ম্যাচের চাপ সামলে মাঠে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করাই আপাতত তাঁর প্রধান লক্ষ্য।