logo

ওয়ানডে র‍্যাংকিংয়ে এগোলেন তানজিদ-হৃদয়রা

ওয়ানডে র‍্যাংকিংয়ে এগোলেন তানজিদ-হৃদয়রা

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় ওয়ানডে জয়ের সুফল পেয়েছে টাইগাররা। আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের একাধিক ক্রিকেটার ব্যাটিং ও বোলিং তালিকায় এগিয়েছেন উল্লেখযোগ্যভাবে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার তানজিদ হাসান তামিম। ৭৬ রানের ইনিংস খেলেই তিনি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে এক ধাক্কায় ১৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৪০তম স্থানে।

একই ম্যাচে অপরাজিত ৩০ রান করা তাওহীদ হৃদয়ও পেয়েছেন উন্নতির স্বীকৃতি। তিনি পাঁচ ধাপ এগিয়ে যৌথভাবে ২৬তম স্থানে পৌঁছেছেন।

তবে শীর্ষস্থান অপরিবর্তিত রয়েছে। নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল এখনও ওয়ানডে ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন, যদিও তিনি বাংলাদেশ সফরে খেলছেন না।

বোলারদের তালিকাতেও রয়েছে বাংলাদেশের সাফল্যের ছাপ। স্পিনার রিশাদ হোসেন ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৫৮তম স্থানে উঠেছেন। আর পেসার নাহিদ রানা সবচেয়ে বড় লাফ দিয়েছেন, ৩২ ধাপ এগিয়ে এখন তিনি ৬৪তম।

বাঁহাতি পেসার শরিফুল ইসলামও আবার ফিরেছেন র‍্যাংকিংয়ে। দুই ম্যাচে চার উইকেট নেওয়ার পর তিনি এখন ৩৯তম স্থানে অবস্থান করছেন।

এদিকে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়েও কিছু পরিবর্তন এসেছে নামিবিয়া ও স্কটল্যান্ডের সিরিজের পর। স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুনসি সেঞ্চুরি করার সুবাদে সাত ধাপ এগিয়ে ২১তম স্থানে উঠেছেন।

তার সতীর্থ মার্ক ওয়াট বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ৪৭তম হয়েছেন। নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস ব্যাটিং ও অলরাউন্ডার দুই তালিকাতেই উন্নতি করেছেন।