রশিদকে সরিয়ে আফগানদের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক জাদরান

আফগানিস্তান ক্রিকেটে নেতৃত্বে বড় পরিবর্তন এসেছে। অলরাউন্ডার রশিদ খানের জায়গায় ওপেনিং ব্যাটার ইব্রাহিম জাদরানকে টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের দল ঘোষণার সময় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত জানায় বোর্ড।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর অধিনায়কত্ব থেকে রশিদ খানকে সরানোর বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত বিশ্বকাপের পর নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেয় আফগান ক্রিকেট বোর্ড।
এর আগে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক ছিলেন ইব্রাহিম জাদরান। এবার তাকে পূর্ণ দায়িত্ব দেওয়া হলো। ফলে দীর্ঘদিন পর আফগান টি–টোয়েন্টি দলে নতুন নেতৃত্বের সূচনা হচ্ছে।
দলে একাধিক পরিবর্তন
আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দলে কয়েকটি পরিবর্তনও আনা হয়েছে। বিশ্বকাপ স্কোয়াডে থাকা ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব এবং মোহাম্মদ ইসহাককে এবারের ওয়ানডে ও টি-টোয়েন্টি কোনো দলেই রাখা হয়নি।
টি-টোয়েন্টি দলে নতুন করে সুযোগ পেয়েছেন উইকেটকিপার ব্যাটার নূর রহমান, স্পিন অলরাউন্ডার শরফুদ্দিন আশরাফ এবং বাঁহাতি পেসার ফারিদ আহমদ। অন্যদিকে ফারিদ আহমদ মালিক ওয়ানডে দলে ফিরেছেন।
এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তিন ম্যাচ খেলা জিয়াউর রহমান শরিফি এবার প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন।
সিরিজের সূচি
শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ মার্চ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ও ১৭ মার্চ। এরপর ২০, ২২ ও ২৫ মার্চ তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে দুই দল।
এই সিরিজটি হওয়ার কথা সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ও দুবাইয়ে। তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আফগান ক্রিকেট বোর্ড।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং আপাতত নির্ধারিত সূচি অনুযায়ী সিরিজ আয়োজনের পরিকল্পনাই রয়েছে। তবে পরিস্থিতি পরিবর্তন হলে বিকল্প ভেন্যু বা সূচি নিয়েও ভাবা হতে পারে।
.png)
