logo

ইংল্যান্ড ইস্যুতে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করল আইসিসি

ইংল্যান্ড ইস্যুতে পক্ষপাতের অভিযোগ অস্বীকার করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে দলগুলোর ভারতে আটকেপড়া নিয়ে বিতর্কের মধ্যে অবশেষে মুখ খুলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ডকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিভিন্ন আন্তর্জাতিক আকাশপথে বিধিনিষেধ জারি হওয়ায় কয়েকটি দল নির্ধারিত সময়ে ভারত ছাড়তে পারেনি। সেমিফাইনালে হেরে ইংল্যান্ড ক্রিকেট দল শনিবার দেশে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দল কয়েক দিন ধরে ভারতে আটকে ছিল।

এই পরিস্থিতি নিয়ে সমালোচনা শুরু হয়। সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন মন্তব্য করেন, শক্তিশালী বোর্ড হওয়ায় ইংল্যান্ডকে আলাদা সুবিধা দেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় কুইন্টন ডি কক ও আইডেন মার্করাম সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

তবে আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, কোনো দলের প্রতি পক্ষপাত করা হয়নি। সংস্থাটি বলেছে, ‘খেলোয়াড়, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাই আমাদের প্রধান অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের আকাশপথে বিধিনিষেধের কারণে ভ্রমণ ব্যবস্থাপনা জটিল হয়ে উঠেছে।’

আইসিসির দাবি, কোন দল কখন ফিরবে তা নির্ধারণ করা হয়েছে আকাশপথের প্রাপ্যতা, ফ্লাইট রুটের অনুমতি, ভিসাসংক্রান্ত বিষয় এবং নিরাপত্তা বিবেচনা করে।

সংস্থাটি আরও জানায়, ইংল্যান্ডের দল মুম্বাই থেকে এমন একটি রুটে ফিরতে পেরেছে যেখানে আকাশপথে কোনো বাধা ছিল না। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার দল কলকাতায় থাকায় তাদের জন্য ভিন্ন রুট ও ফ্লাইটের ব্যবস্থা করতে হয়েছে।

অবশেষে নিশ্চিত করা হয়েছে, দুই দলই চার্টার্ড ফ্লাইটে মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ দেশে ফিরবে।

আইসিসি জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় তাদের লজিস্টিক ও ইভেন্ট টিম বিভিন্ন সরকার, বিমান চলাচল কর্তৃপক্ষ ও এয়ারলাইন সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপদ ভ্রমণের ব্যবস্থা করছে।