কামিন্স চাইলেন সময়, উল্টো একাদশই দিয়ে দিল অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে চার পেসার নিয়ে খেলবে অস্ট্রেলিয়া, নাকি একাদশে থাকবেন নাথান লায়ন? সিদ্ধান্ত নিতে আরও এক দিন সময় চেয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তবে অপেক্ষা করতে হলো মাত্র কয়েক মিনিট। সংবাদ সম্মেলন শেষ হতে না হতেই দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করে দিয়েছে অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত ১৪ বছরের রীতি ভাঙেনি স্বাগতিকেরা। দলে জায়গা ধরে রেখেছেন লায়ন। ম্যাথু রেনশকে ফিরিয়ে একটি পরিবর্তন এনেই শনিবার ম্যাকাইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
শুক্রবার সংবাদ সম্মেলনে কামিন্স বলেছিলেন, ‘চার পেসার নাকি একজন স্পিনার, সেটি দেখতে আরও একটি দিন সময় নিতে চাইছি।’
কামিন্সের সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই মাঠের পাশে বৈঠকে বসেন অস্ট্রেলিয়ার নির্বাচকেরা। এরপর লায়নকে রেখেই একাদশ নিশ্চিত করা হয়। ফলে স্কট বোল্যান্ডকে আবারও বাইরে থাকতে হচ্ছে।
অস্ট্রেলিয়া ২০২৫ সালে দুটি দিবারাত্রির টেস্টে চার পেসারের আক্রমণ নিয়ে খেলেছিল। তবে লাল বলের টেস্টে ফিট থাকা লায়নকে সর্বশেষ একাদশের বাইরে রাখা হয়েছিল ১৪ বছর আগে পার্থের ওয়াকা মাঠে। ম্যাকাইয়ের পেস সহায়ক উইকেটের সম্ভাবনা থাকলেও এবার সেই নজির ভাঙেনি।
লায়ন থাকায় ডারউন টেস্টের বোলিং আক্রমণই অপরিবর্তিত থাকছে। কামিন্সের সঙ্গে পেস বিভাগে থাকছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন লায়ন।
অস্ট্রেলিয়ার একমাত্র পরিবর্তনটি উদ্বোধনী জুটিতে। জেক ওয়েদারাল্ডের জায়গায় ফিরেছেন ৩০ বছর বয়সী রেনশ। ২০২৩ সালে ভারতে সর্বশেষ টেস্ট খেলা এই বাঁহাতি ব্যাটার ট্রাভিস হেডের সঙ্গে ইনিংস শুরু করবেন।
ডারউনে দুই ইনিংসে ২৩ ও শূন্য রান করেছিলেন ওয়েদারাল্ড। ছয় টেস্টে তার ব্যাটিং গড় নেমে এসেছে ২০ দশমিক ৩৬-এ। অন্যদিকে সর্বশেষ শেফিল্ড শিল্ড মৌসুমে ছয় ম্যাচে ৪৯ দশমিক ৯০ গড়ে ৪৯৯ রান করে দলে ফিরেছেন রেনশ। ম্যাকাইয়ের এই মাঠে প্রথম শ্রেণির ক্রিকেটে দুটি শতকও রয়েছে তার।
দীর্ঘদিন রানখরায় থাকলেও তিন নম্বরে জায়গা ধরে রেখেছেন মার্নাস লাবুশেন। ডারউন টেস্টের দুই ইনিংসে মাত্র ৩২ রান করলেও তাকে আরও একটি সুযোগ দিয়েছেন নির্বাচকেরা। জশ ইংলিসও জায়গা পাননি একাদশে।
প্রথম টেস্টে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেও বাংলাদেশের প্রাপ্য কৃতিত্ব দিতে ভুল করেননি কামিন্স। অস্ট্রেলিয়া অধিনায়ক বলেন, “বাংলাদেশ খুব ভালো খেলেছে, তারা সত্যিই ভালো ক্রিকেট দল।”
ডারউনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। শনিবার বাংলাদেশ সময় সকাল ৬টায় গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। সিরিজ বাঁচাতে অস্ট্রেলিয়ার জয়ের বিকল্প নেই। অন্যদিকে জয় অথবা ড্র পেলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।



