মুশফিকের পর লিটনও ফিরলেন, চাপে বাংলাদেশ
সিলেট টেস্টের তৃতীয় দিনে বড় চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৮৮ রান তুলেছিল স্বাগতিকরা। আলোকস্বল্পতায় নির্ধারিত সময়ের আগেই শেষ হয় দিনের খেলা। ফলে এখনো বড় ব্যবধানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তৃতীয় দিনে সেই ঘাটতি কমিয়ে ম্যাচে ফেরার লক্ষ্য বাংলাদেশের। উইকেটে আছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের ব্যাটেই বড় জুটির আশা স্বাগতিকদের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ম্যাচের সব গুরুত্বপূর্ণ মুহূর্ত, স্কোর ও সর্বশেষ খবর জানতে চোখ রাখুন এশিয়া পোস্টের লাইভ ব্লগে।

মুশফিকুর রহিমের বিদায়ের পর দ্রুতই আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। এবার জোমেল ওয়ারিকানের শিকার লিটন দাস। মাত্র ৭ বলে ২ চারে ৮ রান করে সাজঘরে ফিরেছেন তিনি।
ওয়ারিকানের ফ্লাইট দেওয়া বলে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে ব্র্যান্ডন কিংয়ের হাতে ক্যাচ দেন লিটন। এর আগে একই জায়গায় একই ফিল্ডারের ক্যাচে ফিরেছিলেন মুশফিকও। অল্প সময়ের ব্যবধানে দুই গুরুত্বপূর্ণ ব্যাটারকে হারিয়ে আবারও চাপে পড়েছে স্বাগতিকরা।
সিলেট টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রতিরোধে ধাক্কা দিলেন জোমেল ওয়ারিকান। তাঁর বলে ব্র্যান্ডন কিংয়ের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিম। ৭৬ বলে ৪ চারে ৩৪ রান করেছেন অভিজ্ঞ এই ব্যাটার।
ইনিংসের ৪৮তম ওভারের পঞ্চম বলে ওয়ারিকানকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কভারে ক্যাচ দেন মুশফিক। বাঁ দিকে ঝাঁপিয়ে নিচু ক্যাচটি তালুবন্দি করেন কিং। ফলে হৃদয়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ জুটির সমাপ্তি ঘটল।
সিলেট টেস্টের তৃতীয় দিনে ধীরে ধীরে রান বাড়াচ্ছে বাংলাদেশ। জোমেল ওয়ারিকানের বলে সুইপ করে বাউন্ডারি আদায় করেছেন মুশফিকুর রহিম। অন্য প্রান্তে সতর্ক ব্যাটিং চালিয়ে যাচ্ছেন তাওহিদ হৃদয়।
৪৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৯ রান। মুশফিক ২৭ ও হৃদয় ৪২ রানে অপরাজিত। চতুর্থ উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটি ৫৮ রানের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৪৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।
তৃতীয় দিনের শুরুতে ধীরস্থির ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস এগিয়ে নিচ্ছেন তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম। তাদের জুটিতে শতরানের ঘর পার করেছে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে দুজনের জুটিও পেরিয়েছে ৫০ রান।
৪৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৪ রান। হৃদয় ৪২ ও মুশফিক ২২ রানে অপরাজিত। তাদের অবিচ্ছিন্ন জুটি ৫৩ রানের। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের চেয়ে এখনো ২৫২ রানে পিছিয়ে বাংলাদেশ।
সিলেটে ঝলমলে রোদে শুরু হয়েছে তৃতীয় দিনের খেলা। গতকাল আলোকস্বল্পতায় আগেভাগেই মাঠ ছাড়তে হয়েছিল দুই দলকে। আজ সকালে বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটার তাওহিদ হৃদয় ও মুশফিকুর রহিম মাঠে নামেন। দিনের প্রথম ওভার করতে আসেন ক্যারিবীয় পেসার শামার জোসেফ।
প্রথম ইনিংসে বড় ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন ইনিংস দীর্ঘ করার চ্যালেঞ্জ। হৃদয়-মুশফিকের জুটি কতদূর এগোয়, সেদিকেই নজর থাকবে সবার।