Advertisement

মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক হওয়ার পথে লিটন

এশিয়া পোস্ট স্পোর্টস
মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক হওয়ার পথে লিটন
মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। ছবি: সংগৃহীত

বাংলাদেশের ওয়ানডে নেতৃত্বে আবার পরিবর্তনের আভাস। টি-টোয়েন্টির পর এবার ৫০ ওভারের দলও লিটন দাসের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রস্তাব অনুমোদিত হলে ওয়ানডে অধিনায়কত্ব হারাবেন মেহেদী হাসান মিরাজ এমনটাই জানিয়েছে ক্রিকেট বিষয়ক সাইট ক্রিকবাজ।

ক্রিকবাজের দাবি, লাল ও সাদা বলের জন্য আলাদা অধিনায়ক রাখার পরিকল্পনা করছে বিসিবি। আগামীকাল বুধবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বোর্ড সভায় প্রস্তাবটি তোলা হবে। পরিচালকদের অনুমোদন পেলে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব থাকবে লিটনের হাতে। টেস্ট অধিনায়ক হিসেবে বহাল থাকবেন নাজমুল হোসেন শান্ত।

বর্তমানে তিন সংস্করণে বাংলাদেশের অধিনায়ক তিনজন। টেস্টে শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন। তবে তিন অধিনায়কের এই কাঠামো থেকে সরে এসে দুই অধিনায়কের ব্যবস্থায় ফিরতে চাইছেন বোর্ড কর্মকর্তারা।

ওয়ানডে দলের নেতৃত্বে লিটনই বিসিবির প্রথম পছন্দ। তার সহকারী হিসেবে তাওহিদ হৃদয়কে রাখার পরিকল্পনাও রয়েছে। হৃদয় বর্তমানে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। ভবিষ্যতের অধিনায়ক হিসেবেও তাকে প্রস্তুত করতে চায় বোর্ড।

সম্প্রতি জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ হারের পর তার নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জেতে বাংলাদেশ। সেই অভিজ্ঞতার পর ওয়ানডেতেও তাকে লিটনের সহকারী করার কথা ভাবছে বিসিবি।

ওয়ানডে নেতৃত্বে শান্তকে ফেরানোর বিষয়টিও প্রাথমিকভাবে বিবেচনা করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই ভাবনা থেকে সরে এসেছেন বোর্ড কর্মকর্তারা। টেস্ট দলের পরিকল্পনা ও নেতৃত্বে শান্তকে পুরোপুরি মনোযোগী রাখতে চান তারা।

২০২৫ সালের ১২ জুন শান্তর জায়গায় বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করা হয়েছিল মিরাজকে। চলতি বছরের এপ্রিলে তার মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছিল বিসিবি। কিন্তু দেশের বাইরে তার নেতৃত্বে বাংলাদেশের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি।

মিরাজের অধীনে দেশের বাইরে ১৩টি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জিতেছে বাংলাদেশ। এই ফলই তার নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনার অন্যতম কারণ। শেষ পর্যন্ত তাকে সরানো হবে কি না, সেটি নির্ভর করছে বুধবারের বোর্ড সভার সিদ্ধান্তের ওপর।

প্রস্তাব অনুমোদিত হলে আবারও দুই অধিনায়কের যুগে ফিরবে বাংলাদেশের ক্রিকেট। লাল বলে শান্ত এবং দুই সাদা বলের সংস্করণে নেতৃত্ব দেবেন লিটন।