ফিফটি নয়, ইমপ্যাক্ট ইনিংসই আসল: হৃদয়
টি-টোয়েন্টি ক্রিকেটে বড় স্কোর নয়, ম্যাচের পরিস্থিতিতে কার্যকর ইনিংসই বেশি গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের বিপক্ষে দলকে জেতানোর পর এমনটাই জানিয়েছেন তাওহীদ হৃদয়।
চট্টগ্রামে ১৮২ রানের লক্ষ্য তাড়া করে বাংলাদেশ ১৮ ওভারে ৪ উইকেটে ১৮৩ রান তুলে জয় পায়। হৃদয় ২৭ বলে অপরাজিত ৫১, শামীম ১৩ বলে অপরাজিত ৩১ এবং ইমন ১৪ বলে ২৮ রান করেন।
ম্যাচ শেষে হৃদয় বলেন, দলীয় ক্রিকেটে সবাই প্রতিদিন পারফর্ম করবে না এটাই স্বাভাবিক।
তিনি বলেন, ‘একদিন পাওয়ারপ্লে ভালো হবে, একদিন মিডিল অর্ডার খারাপ হবে… এটা যেহেতু একটা টিম গেম, রেগুলার সবাই ভালো করে না, এটাই খুব স্বাভাবিক।’
এ কারণে দলের ভেতরে দায়িত্ব ভাগাভাগির বিষয়টিকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন তিনি।
তার ভাষায়, ‘যেদিন পাওয়ারপ্লে ভালো হবে না, সেদিন অবশ্যই মিডিল অর্ডারের রেসপনসিবিলিটি বেড়ে যায়।’
পাঁচ-ছয় নম্বর পজিশনের ব্যাটিং নিয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন হৃদয়।
তিনি বলেন, ‘নাম্বার ফাইভ, নাম্বার সিক্স এমন একটা পজিশন… এখানে আপনি ৫০ সবসময় করতে পারবেন না।’
বরং ছোট কিন্তু কার্যকর ইনিংসকেই বেশি মূল্য দেন তিনি।
হৃদয়ের মতে, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে ১০ রানও ইমপ্যাক্টফুল ইনিংস হতে পারে… শামীম আর ইমন যেটা করেছে।’
দলের বোঝাপড়া ও মানসিকতা নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ‘আমরা প্রেসারটা নেইনি… বাইরে থেকেও বুঝতে পারিনি যে আমরা প্রেসারে আছি।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে প্রশ্নে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই তুলে ধরেন হৃদয়।
তার ভাষায়, ‘যে জিনিসটা আমার হাতে নেই, সেই জিনিসটা আমি পাব না… আমার হাতে যেটা আছে, ওই প্রসেসটাই করার চেষ্টা করি।’
সবশেষে দলের উন্নতির ধারাবাহিকতা নিয়েও আশাবাদী এই ব্যাটার। তিনি বলেন, ‘আমরা যত ডে বাই ডে খেলছি, আগের থেকে অনেক ভালো হচ্ছি… সামনে ইনশাআল্লাহ আরও ভালো হবে।’