অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে অলআউট বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম দ্বিপক্ষীয় সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের। ইনিংসের প্রথম বলেই ফিরলেন ওপেনার ফারজানা হক। সেই ধাক্কা সামলে ওঠার আগেই হারাতে হলো আরও তিন উইকেট। শুরুর বিপর্যয়ের পর ঋতু মনির লড়াইয়ে শেষ পর্যন্ত ১৬৬ রান করতে পেরেছে বাংলাদেশ।
শুক্রবার (৯ অক্টোবর) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৯.৪ ওভারে অলআউট হয় নিগার সুলতানা জ্যোতির দল।
ইনিংসের প্রথম বলেই মেগান শুটের বলে ফেরেন ফারজানা। তৃতীয় ওভারে তার দ্বিতীয় শিকার হন শারমিন সুলতানা। ১১ রানে দুই উইকেট হারানোর পর শারমিন আক্তার (২৪) কিছুটা প্রতিরোধ গড়লেও বেশিক্ষণ টিকতে পারেননি।
এরপর সোবহানা মোস্তারি (২) ফিরলে ৪৮ রানে চার উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তার ইনিংস মেরামতের চেষ্টা করেন। কিন্তু রান তোলার গতি ছিল মন্থর।
৮৬ বল খেলে ২৯ রান করেন নিগার। স্বর্ণা করেন ৫০ বলে ২১ রান। দুজনের ধীরগতির ব্যাটিংয়ে প্রথম ২৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় মাত্র ৮৩ রান। ৩৩তম ওভারে স্বর্ণাও ফিরে গেলে ১০৩ রানে ছয় উইকেট হারায় বাংলাদেশ।
সেখান থেকে ইনিংসের হাল ধরেন ঋতু মনি। এক প্রান্তে সতীর্থদের আসা-যাওয়ার মধ্যেও রান তোলার চেষ্টা চালিয়ে যান এই অলরাউন্ডার। ৬৩ বলে পাঁচটি চারে দলের সর্বোচ্চ ৪৫ রান করেন তিনি।
রাবেয়া খান ১৩ বলে ১১ রান করে ফেরার পর নাহিদা আক্তারকে নিয়ে অষ্টম উইকেটে ৩৭ রান যোগ করেন ঋতু। এই জুটিতেই দেড়শ রান পার করে বাংলাদেশ। তবে ৪৮তম ওভারে রানআউট হয়ে ফিরতে হয় ঋতুকে। শেষ পর্যন্ত নাহিদা অপরাজিত থাকেন ১৯ রানে।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে সফল সাদারল্যান্ড। ৯.৪ ওভারে ৩০ রান দিয়ে চার উইকেট নেন তিনি। শুরুতেই বাংলাদেশকে চাপে ফেলা শুট ১০ ওভারে চারটি মেডেনসহ মাত্র ১৯ রান দিয়ে নেন দুই উইকেট। একটি করে উইকেট পান তাহলিয়া ম্যাকগ্রা, জর্জিয়া ওয়্যারহ্যাম ও অ্যাশলি গার্ডনার।
