ম্যাকেতে ইতিহাসের হাতছানি মুশফিকের
-b7c76d-720x405.webp)
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের পর এবার ব্যক্তিগত ইতিহাস গড়ার সুযোগ বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের সামনে। ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ১৫৮ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করবেন তিনি।
১০৪ টেস্টে মুশফিকের সংগ্রহ এখন ৬ হাজার ৮৪২ রান। গড় ৩৯.০৯, সর্বোচ্চ অপরাজিত ২১৯। বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনটি আগে থেকেই তার দখলে। এবার সেই অর্জনে নতুন মাত্রা যোগ করার অপেক্ষা।
ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় শনিবার শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ৬টায় মাঠে নামবে দুই দল। পাঁচ দিনের ম্যাচে দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেলে সাত হাজারের চূড়ায় পৌঁছানোর সম্ভাবনা থাকবে মুশফিকের।
ডারউইনে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। ম্যাকেতে ড্র করলেও ঐতিহাসিক সিরিজ জয় নিশ্চিত হবে নাজমুল হোসেন শান্তদের। ফলে দলীয় সাফল্যের পাশাপাশি মুশফিকের ব্যক্তিগত মাইলফলকও ম্যাচটিকে বিশেষ করে তুলেছে।
শুধু মুশফিক নন, ম্যাকে টেস্টে আরও কয়েকজন ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে। ৫০ রান করলেই স্টিভ ওয়াহকে পেছনে ফেলে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক হবেন স্টিভ স্মিথ। অ্যালেক্স ক্যারি খেলবেন নিজের ৫০তম টেস্ট। আর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ উইকেট পূর্ণ করতে মিচেল স্টার্কের প্রয়োজন তিনটি উইকেট।
তবে বাংলাদেশের চোখ থাকবে মুশফিকের ব্যাটে। সিরিজ জয় এবং প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রান, দুটোই ধরা দিলে দেশের ক্রিকেট ইতিহাসে আরও একটি স্মরণীয় অধ্যায়ের সাক্ষী হয়ে থাকবে ম্যাকে।



