ওমানকে উড়িয়ে বিশ্বকাপ শেষ করল অস্ট্রেলিয়া

গ্রুপ পর্ব থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছিল। তবু শেষ ম্যাচে শক্ত বার্তা দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শেষ করল অস্ট্রেলিয়া। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানকে ৯ উইকেটে হারিয়ে বিদায় নেয় ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
মাত্র ১০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া কোনো ঝুঁকিই নেয়নি। ৬২ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। অধিনায়ক মিচেল মার্শ খেলেন অপরাজিত ৬৪ রানের ঝকঝকে ইনিংস—৩৩ বলে ৭ চার ও ৪ ছক্কায় সাজানো। শুরুতে ট্রাভিস হেডের ১৯ বলে ৩২ রানের দ্রুত ইনিংস জয়ের ভিত গড়ে দেয়। হেড আউট হওয়ার পর জশ ইংলিস ৬ বলে অপরাজিত ১২ রান করে সহজেই ম্যাচ শেষ করেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মার্শ। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করে দেন বোলাররা। ওমানকে ১৬.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে দেয় অস্ট্রেলিয়া। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওমান। পরে ওয়াসিম আলি ৩৩ বলে ৩২ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। অধিনায়ক জাতিন্দর সিং (১৭), হাম্মাদ মির্জা (১৬) ও করণ সোনাভালে (১২) দুই অঙ্ক ছুঁলেও বড় জুটি গড়া সম্ভব হয়নি।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাডাম জাম্পা ছিলেন সবচেয়ে সফল। মাত্র ৩.২ ওভারে ২১ রান দিয়ে নেন ৪ উইকেট, যার জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তিনি। গ্লেন ম্যাক্সওয়েল ও জেভিয়ার বার্টলেট দুটি করে উইকেট নেন। মার্কাস স্টয়নিস ও নাথান এলিস নেন একটি করে উইকেট।
গ্রুপ পর্বে হতাশাজনক পারফরম্যান্সের কারণে শেষ আটে জায়গা হয়নি অস্ট্রেলিয়ার। তবু শেষ ম্যাচে বড় জয় নিয়ে বিদায় নেওয়ায় কিছুটা স্বস্তি মিলল অজিদের।