logo

তামিমের সেঞ্চুরি, তাসকিনের চার উইকেটে সিরিজ জিতল বাংলাদেশ

তামিমের সেঞ্চুরি, তাসকিনের চার উইকেটে সিরিজ জিতল বাংলাদেশ

মিরপুরে রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৯১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৫০ ওভারে ২৭৯ রানে অলআউট হয়ে যায়।

শুরুতেই দারুণ বোলিং করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। প্রথম ওভারেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকে। এরপর দ্বিতীয় ওভারে নাহিদ রানা আউট করেন মাজ সাদাকাতকে। কিছুক্ষণ পর তাসকিন আবার আঘাত হেনে বোল্ড করেন মোহাম্মদ রিজওয়ানকে। ফলে মাত্র তিন ওভারের মধ্যেই চাপে পড়ে পাকিস্তান।

পরে গাজি ঘোরি ও আব্দুল সামাদ কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেই জুটি ভেঙে দেন নাহিদ রানা। ঘোরি ৩৯ বলে ২৯ রান করে আউট হন। এরপর সামাদও ৪৫ বলে ৩৪ রান করে মুস্তাফিজুর রহমানের শিকার হন।

মাঝের দিকে পাকিস্তানের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ ব্যাটার সালমান আলি আগা। দুর্দান্ত ব্যাটিং করে তিনি তুলে নেন সেঞ্চুরি। আঘা ৯৮ বলে ১০৬ রান করেন, যার মধ্যে ছিল ৯টি চার ও ৪টি ছক্কা।

আঘার সঙ্গে শেষদিকে শাহিন শাহ আফ্রিদি গুরুত্বপূর্ণ জুটি গড়েন এবং পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাসকিন আবার আঘাত হেনে আগাকে আউট করলে ম্যাচের মোড় ঘুরে যায়।

শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৪ রান। তবে স্পিনার রিশাদ হোসেন চাপে দারুণ বোলিং করে মাত্র দুই রান দেন এবং শেষ বলে স্টাম্পড হন শাহিন আফ্রিদি। শাহিন ৩৬ বলে ৩৭ রান করেন।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ছিলেন ম্যাচের সেরা বোলার। তিনি ৪ উইকেট নেন। মুস্তাফিজুর রহমান নেন ৩টি উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বড় সংগ্রহের ভিত্তি গড়ে দেন তানজিদ হাসান তামিম। তিনি ১০৭ বলে ১০৭ রান করে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি করেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৭টি ছক্কা।

ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গে তামিম গড়েন ১০৫ রানের জুটি। সাইফ ৫৫ বলে ৩৬ রান করেন। পরে নাজমুল হোসেন শান্ত করেন ২৭ রান।

শেষদিকে লিটন দাস (৪১) ও তৌহিদ হৃদয় (৪৮)* গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাদের জুটিতে বাংলাদেশ ৫০ ওভারে ৫ উইকেটে ২৯০ রান তোলে।

পাকিস্তানের হয়ে হারিস রউফ ৩টি উইকেট নেন, আর শাহিন আফ্রিদি ও আবরার আহমেদ একটি করে উইকেট পান।

তামিমের সেঞ্চুরি ও তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।