logo
Advertisement
এশিয়ান গেমস

প্রতিপক্ষের দল দেখেই বদলেছে বাংলাদেশের পরিকল্পনা

প্রতিপক্ষের দল দেখেই বদলেছে বাংলাদেশের পরিকল্পনা
মোহাম্মদ সালাউদ্দিন। ছবি: বিসিবি

এশিয়ান গেমসে যাওয়ার কথা ছিল এইচপি দলের। শেষ পর্যন্ত জাপানে যাচ্ছেন লিটন দাসরা। বাংলাদেশের পরিকল্পনা বদলের কারণ প্রতিপক্ষের শক্তিশালী দল। অন্য দেশগুলো জাতীয় দলের ক্রিকেটারদের পাঠাচ্ছে দেখেই একই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, জানিয়েছেন এশিয়ান গেমস দলের কোচ মোহাম্মদ সালাউদ্দিন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রথমে আমাদের কিন্তু এইচপি দল পাঠানোর কথা ছিল। কিন্তু যখন আমরা দেখলাম অন্যান্য দেশগুলো তাদের পুরো জাতীয় দল পাঠাচ্ছে, সেখানে আমরা কেন পাঠাব না?’

ইতোমধ্যে লিটন দাসের নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে আছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের মতো জাতীয় দলের পরিচিত মুখরা।

প্রতিপক্ষ শক্তিশালী হলেও বাংলাদেশের ফাইনালে ওঠার ভালো সুযোগ দেখছেন সালাউদ্দিন। তবে সেই সম্ভাবনা কাজে লাগাতে মাঠে ভালো খেলার শর্তও মনে করিয়ে দিয়েছেন তিনি।

সালাউদ্দিন বলেন, ‘আমার মনে হয় এটা একটা চ্যালেঞ্জিং টুর্নামেন্ট হবে। আমাদের যে সূচি আছে, আমি মনে করি আমাদের ফাইনালে যাওয়ার মতো খুব ভালো একটা সুযোগ আছে, আমরা যদি ভালো খেলি।’

সেই লক্ষ্যে যাওয়ার আগে দলের পুরোনো টি-টোয়েন্টি ছন্দ ফেরানোকে বড় কাজ মনে করছেন এই কোচ। তার কথায়, সাম্প্রতিক সিরিজগুলোতে টেস্ট ও ওয়ানডে খেলায় ব্যস্ত ছিলেন ক্রিকেটাররা। এখন দ্রুত ছোট সংস্করণের সঙ্গে মানিয়ে নিতে হবে। তিন-চার মাস আগে দল যে ছন্দে ছিল, সেটি কত দ্রুত ফেরানো যায়, সেদিকেই নজর তার।

জাপানের উইকেট নিয়েও প্রশ্ন উঠেছে। সেখানে পিচ তৈরির দায়িত্বে আছেন মিরপুরের সাবেক কিউরেটর গামিনি ডি সিলভা। তবে নতুন উইকেট কেমন আচরণ করবে, তা এখনই নিশ্চিত করে বলছেন না সালাউদ্দিন। তার মতে, একেক দেশের আবহাওয়া একেক রকম। জাপানের আবহাওয়ার ওপরও উইকেটের আচরণ নির্ভর করবে।

জাপানে যাওয়ার আগে মিরপুরে দশ দিনের বেশি অনুশীলন ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশ দলের। ওই প্রস্তুতিতেই টি-টোয়েন্টির ছন্দ ফিরে পাওয়ার কাজ করবেন লিটনরা।