ভারত সিরিজ নিয়ে আশার খবর দিলেন তামিম

বাংলাদেশ ও ভারতের মধ্যকার স্থগিত হওয়া সাদা বলের সিরিজটি এখনো বাতিল হয়নি। সিরিজ আয়োজনের জন্য নতুন সময় খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ভারতীয় ক্রিকেট বোর্ড। দুই বোর্ডই সিরিজটি আয়োজনের ব্যাপারে আন্তরিক বলে জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আগের পরিকল্পনা অনুযায়ী আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে দুই দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে সিরিজ আয়োজনের সম্ভাবনা নেই। এ অবস্থায় সিরিজটি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে বলেও ধারণা করা হচ্ছিল।
রোববার ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ‘নট আউট নোমান’কে দেওয়া সাক্ষাৎকারে সেই শঙ্কা উড়িয়ে দিয়েছেন তামিম।
তিনি বলেন, ‘সিরিজটি হবে না, এমন কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। দুই বোর্ডই খুব আন্তরিক, যেন সিরিজটি হয়। বিসিসিআই ও বিসিবি সম্ভাব্য সময় খুঁজছে। মোটামুটি একটি সময় নিয়েও চিন্তাভাবনা চলছে। দুই পক্ষের মনোভাব নেতিবাচক হলে আমি আশাবাদী হওয়ার কথা বলতাম না। দুই বোর্ডের ইচ্ছাই খুব ইতিবাচক।’
বাংলাদেশ ও ভারতের ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে নতুন সময় বের করা সহজ হচ্ছে না। তবে এ বিষয়ে বিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তামিম বলেন, ‘কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বিসিবি সভাপতি হিসেবে আমি সেই সীমা অতিক্রম করতে চাই না। বাংলাদেশও ব্যস্ত, সামনে আমাদের তিনটি সিরিজ আছে। ভারতের সূচিও অনেক ব্যস্ত। তারপরও আমরা নিয়মিত আলোচনা করছি এবং সম্ভাব্য তারিখ বের করার চেষ্টা চলছে।’
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজনের পথে রাজনৈতিক সম্পর্ক বড় বাধা হয়ে দাঁড়ালেও তামিম মনে করেন, খেলাধুলাকে রাজনীতি থেকে আলাদা রাখা প্রয়োজন। দুই বোর্ডের ইতিবাচক মনোভাব শেষ পর্যন্ত সিরিজটি আয়োজনের পথ তৈরি করবে বলে আশাবাদী তিনি।



