logo

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কট ক্রীড়া সাংবাদিকদের

অদম্য টি-টোয়েন্টি কাপের ফাইনাল বয়কট ক্রীড়া সাংবাদিকদের

অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপের ফাইনাল ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকরা।

টুর্নামেন্ট চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে আলোচিত এক ছবি তোলার অভিযোগে দেশের একটি জাতীয় দৈনিকের ফটোসাংবাদিককে ই-মেইল পাঠিয়ে অ্যাক্রিডিটেশন বাতিলের হুমকি দেওয়া হয়। তারই প্রতিবাদ হিসেবে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেন ক্রীড়া সাংবাদিকরা।

ম্যাচ চলাকালে বিসিবির প্রেসিডেন্ট বক্সে থাকা ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট ও এম নাজমুলের একটি ছবি তোলেন ফটোসাংবাদিক তানভীন তামিম। ছবিতে ফারুকদের অঙ্গভঙ্গি এবং ক্যাপশন থেকে নাজমুলের সঙ্গে ফারুক এবং পাইলটের একটি দ্বন্দ্বের আভাস মিলেছিল। তাই ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া পড়ে যায়।

তবে এই ছবির বিষয়টি ভালোভাবে নেয়নি বিসিবি। ছবিটি প্রকাশের পরের দিন অর্থাৎ ৭ ফেব্রুয়ারি ওই ফটোসাংবাদিককে অ্যাক্রেডিটেশন বাতিলের হুমকি এবং এমন ছবি তোলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে একটি মেইল পাঠায় বিসিবি৷ 

বিসিবির এমন বক্তব্যের বিরুদ্ধে এবার প্রতিবাদ জানিয়েছেন ক্রীড়া সাংবাদিকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ম্যাচের আগে ক্রীড়া সাংবাদিকরা একটি সংক্ষিপ্ত সভা করে সিদ্ধান্ত নেন প্রতিবাদ জানানোর। ম্যাচ শুরুর আগে প্রেসবক্সের ছাদে একটি ব্যানার নিয়ে প্রতিবাদ জানান তারা। সেখানে লেখা ছিল, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়। আমরা ক্রীড়া সাংবাদিক, আমাদের চুপ করানোর চেষ্টা করবেন না।’