পরিচালক নাজমুল ইস্যুতে শনিবার সিদ্ধান্ত নেবে বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের ইস্যু অবশেষে সমাধানের পথে। আলোচিত এই পরিচালকের বিষয়ে বিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত নিবে আগামী শনিবারের বোর্ড সভায়। ২৪ জানুয়ারি বিসিবির নিয়মিত সভায় এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আলোচনায় উঠবে বলে বোর্ডের এক পরিচালকের বরাত দিয়ে জানিয়েছে দেশের একটি গণমাধ্যম।
এর আগে বৃহস্পতিবার নাজমুল ইসলামকে নিয়ে রীতিমতো বাংলাদেশের ক্রিকেটে নাটক শুরু হয়ে যায়। বিসিবির এই পরিচালকে বক্তব্য ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। সেদিন বিসিবি তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। রাতে সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, কারণ দর্শানোর নোটিশ পাঠানো হলেও নাজমুল কোনো সাড়া দেননি। পরবর্তীতে তাকে আনুষ্ঠানিকভাবে শোকজ করা হয়, যার জবাব তিনি নির্ধারিত সময়ের পর দেন।
বিসিবির শৃঙ্খলাবিধি অনুযায়ী, শোকজের জবাব ৪৮ ঘণ্টার মধ্যে দিতে হয়। তবে নাজমুল নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দেওয়ায় বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হয়। রোববার তিনি কমিটির কাছে লিখিত ব্যাখ্যা জমা দেন। সেই চিঠি পর্যালোচনার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছিল বিসিবি।
এখন জানা গেছে, পুরো বিষয়টি বোর্ড সভায় উত্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বিতর্কের সূত্রপাত হয় ১৪ জানুয়ারি, যখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল ইসলাম বলেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বোর্ডের আর্থিক ক্ষতি হবে না; বরং ক্ষতি হবে ক্রিকেটারদের, কারণ তারা ম্যাচ ফি ও পারফরম্যান্স বোনাস থেকে বঞ্চিত হবে। তিনি আরও বলেন, বোর্ড ক্রিকেটারদের পেছনে বিপুল অর্থ ব্যয় করলেও সেই টাকা ফেরত চাওয়া হয় না।
এই মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের সংগঠন কোয়াব বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দেয়। এর ফলে পরদিন নির্ধারিত দুটি বিপিএল ম্যাচ স্থগিত হয় এবং রাতে টুর্নামেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিসিবি।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গভীর রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক হয়। আলোচনা শেষে শর্তসাপেক্ষে ক্রিকেটাররা আবার খেলায় ফেরার সিদ্ধান্ত নেন। ওইদিন সকালে নাজমুল ইসলামকে আনুষ্ঠানিক কারণ দর্শানোর নোটিশ পাঠায় বিসিবি।
এখন পুরো বিষয়টির নিষ্পত্তি নির্ভর করছে ২৪ জানুয়ারির বোর্ড সভার সিদ্ধান্তের ওপর।