ক্যারিবীয়দের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচেই শক্তির প্রদর্শন করল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটে ঝড় তুললেন শিমরন হেটমায়ার, আর বল হাতে আগুন ঝরালেন গুদাকেশ মোটি। তাদের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে জিম্বাবুয়েকে ১০৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ২৫৪ রান তোলে দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৫৫ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।
ব্যাটিংয়ে নেমে শুরুতে ব্র্যান্ডন কিংয়ের উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। হেটমায়ার ও অধিনায়ক শাই হোপ দ্বিতীয় উইকেটে ৩৭ রান যোগ করেন। হোপ ১৪ রান করে বিদায় নিলেও এরপর রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দেন হেটমায়ার।
তৃতীয় উইকেটে দুজন মিলে মাত্র ৫১ বলে যোগ করেন ১২২ রান। ৩৪ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হেটমায়ার—তার ইনিংসে ছিল ৭টি চার ও ৭টি ছক্কা। পাওয়েলও ৩৫ বলে ৫৯ রান করে সমানতালে আক্রমণ চালান।
শেষদিকে রোমারিও শেফার্ড (২১) ও শেরফেন রাদারফোর্ডের অপরাজিত ৩১ রানের ঝড়ো ক্যামিও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে যায় বিশাল সংগ্রহে।
জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড নাগারাভা ও ব্লেসিং মুজারাবানি দুটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। অধিনায়ক সিকান্দার রাজা ২৭ ও ডিয়ন মায়ার্স ২৮ রান করলেও বড় জুটি গড়া হয়নি।
শেষদিকে ব্র্যাড ইভান্স ২১ বলে ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও ব্যবধান কমানোর জন্য তা যথেষ্ট ছিল না।
বল হাতে মোটির নিয়ন্ত্রিত স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। চার ওভারে ৪/২৮ নিয়ে তিনি জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। আকিল হোসেন নেন তিনটি উইকেট, আর ম্যাথিউ ফোর্ড যোগ করেন দুটি।
এই জয়ে সুপার এইট অভিযান দারুণভাবে শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, চলতি আসরে প্রথম হারের স্বাদ পেল জিম্বাবুয়ে।