logo

দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ইমরুল, পক্ষপাতিত্বের বিরুদ্ধে কড়া বার্তা

দল নির্বাচন নিয়ে ক্ষুব্ধ ইমরুল, পক্ষপাতিত্বের বিরুদ্ধে কড়া বার্তা
ইমরুল কায়েস। ছবি: ভিডিও থেকে নেওয়া

আফগানিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। মাত্র ২৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে টাইগাররা। দলের এমন পরিস্থিতির মধ্যেই জাতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ইমরুল কায়েস। ক্রিকেটার বাছাইয়ে মেধা ও পারফরম্যান্সের পরিবর্তে আবেগ কিংবা পক্ষপাতিত্বের কোনো জায়গা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েন রিশাদ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। তাদের জায়গায় সুযোগ পান মেহেদী হাসান মিরাজ ও পারভেজ হোসেন ইমন। ওয়ানডে অভিষেক হয় স্পিনার আলিস আল ইসলামের।

তবে একাদশে পরিবর্তন এনেও ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ। শারজায় টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই আফগান পেসারদের সামনে ধুঁকতে থাকেন ব্যাটাররা। সপ্তম ওভারেই ২৮ রানে ৪ উইকেট হারায় তাওহীদ হৃদয়ের দল।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন ইমরুল। নিজের ফেসবুক পোস্টে সাবেক এই ওপেনার জানান, ক্রিকেট বোর্ডের উচিত যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সেরা একাদশ নির্বাচন করা। জাতীয় দলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব থাকা উচিত নয় বলেও মনে করেন তিনি।

ইমরুলের মতে, ক্রিকেট একটি গোটা জাতির প্রতিনিধিত্ব করে। তাই জাতীয় দল নির্বাচনে আবেগের বশবর্তী হওয়া উচিত নয়। সেখানে ‘পক্ষপাতিত্বের কোনো জায়গা থাকা উচিত নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

পোস্টের শেষ অংশে আরও কঠোর অবস্থান নেন বাংলাদেশের হয়ে ১৩১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার। তার ভাষায়, ‘যথেষ্ট হয়েছে। এবার যোগ্যতা, ন্যায্যতা ও দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার সময় এসেছে।’

এর আগেও জাতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন ইমরুল। ২০১৯ সালে দল থেকে বাদ পড়ার কারণ স্পষ্ট করার দাবি জানিয়েছিলেন তিনি। পরে ২০২৪ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ক্রিকেটারদের গ্রেডিং ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই ওপেনার। ক্রিকেটারদের মূল্যায়নে পারফরম্যান্সের পরিবর্তে নাম কিংবা পরিচিতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে কি না, সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে দল গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের হার এবং আফগানিস্তানের বিপক্ষে শুরুতেই ব্যাটিং বিপর্যয় নতুন করে প্রশ্ন তুলেছে দলের প্রস্তুতি নিয়ে। এর মধ্যেই ইমরুলের এমন মন্তব্য জাতীয় দলের নির্বাচনপ্রক্রিয়া নিয়ে চলমান আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে।