নির্বাচকের অবহেলায় বিশ্বকাপ খেলা হয়নি নাহিদ রানার!
-1777136763-14101_1777137012.webp)
নাহিদ রানা কেবল বাংলাদেশেরই নয় উপমহাদেশের জন্যই আশীর্বাদ হয়ে আসা ফাস্ট বোলিংয়ের এক রত্ন। অথচ কয়েক বছর আগে একই গতিতে বল করার পরও সুযোগ দেয়া হয়নি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের ২০ জনের স্কোয়াডে! এর পেছনে রয়েছে অপ্রিয় এক সত্য।
২০২১ সালের ৩১ অক্টোবর। কক্সবাজারে রাজশাহীর হয়ে প্রথম শ্রেনির ক্রিকেটে অভিষেক হলো নাহিদ রানার। বরিশালের হয়ে ব্যাটিংয়ে নামলেন মোহাম্মদ আশরাফুল। কয়েকটা বল খেলার পরই আশরাফুল বুঝে গেলেন নাহিদই বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার। জহুরির চোখে আশরাফুল বুঝতে পারলেও বয়সভিত্তিক দলের নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের চোখে ছিল কাঠের চশমা! তিন মাস পর তানজিম সাকিব-রিপন মণ্ডলদের সঙ্গে যাওয়া হয়নি ওয়েস্ট ইন্ডিজে। যুব বিশ্বকাপ খেলতে পারলে তখনই হয়ত গতির ঝড় দিয়ে বিশ্বমঞ্চে আলোড়ন তুলতে পারতেন নাহিদ রানা।
এশিয়া পোস্টের বিশেষ আয়োজন এপি স্পোর্টসে সম্প্রতি অতিথি হয়ে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। সাবেক অধিনায়ক জানান, নাহিদ রানার বল খেলার দিনই রুমে ডেকে বলেছিলেন নিজের যত্ন নিতে। আরও বলেছিলেন, তুমি দ্রুতই খেলবে বাংলাদেশ দলে! বাস্তবে হয়েছেও ঠিক তাই।
কক্সবাজারে সেদিনের ঘটনা নিয়ে আশরাফুল বলেন, ‘আমাদের বিপক্ষেই নাহিদ রানার ফার্স্ট ক্লাস ডেব্যু হয়েছিল। আমি বরিশালের হয়ে খেলেছি ও রাজশাহীর হয়ে খেলছিল। যখন তার বল ফেস করলাম, ওই দিন রাতেই ওকে আমার রুমে ডেকে কথা বলছিলাম… শুনলাম সে আন্ডার নাইনটিনের ২০ জনের স্কোয়াডে নাই। তখনই আমি ফোন দিলাম সিলেকটর শিপন (সাজ্জাদ আহমেদ) ভাইকে। এরকম একজন ফাস্ট বোলার আজ খেললাম আমার মনে হয়েছে ও বাংলাদেশের সবচেয়ে দ্রুতগতির বোলার এ মুহুর্তে। ও নাই কেন? শিপন ভাই বলল ওর থেকেও জোরে বোলার নাকি উনাদের স্কোয়াডে আছে। এ কারণে নাই। আমি শুনে আকাশ থেকে পড়লাম যে কী বলে…!’

বর্তমানে গতির ঝলক দেখিয়ে আলোড়ন তোলা নাহিদ রানাকে নিয়ে চলছে মাতামাতি। ওয়ানডে অধিনায়ক মিরাজ বলছেন, নাহিদ রানা আমাদের দেশের জন্য অনেক বড় সম্পদ। পেস বোলিং কোচ শন টেইট তো রানাকে পাকিস্তানি গ্রেট ওয়াকার ইউনুসের সঙ্গেই তুলনা করেছেন। নাহিদ রানা একাদশে থাকলে প্রতিপক্ষও স্বস্তিবোধ করে না খেলতে। দীর্ঘদিন ধরে নাহিদ রানার এই পেস-রোমাঞ্চ দেখতে প্রয়োজন পরম যত্ন।
আশরাফুলও নাহিদ রানাকে একই পরামর্শ দিয়েছিলেন লাইমলাইটে আসার আগেই, তখন নাহিদ রানাকে বললাম তুমি খুব দ্রুত এক-দুই বছরের মধ্যেই বাংলাদেশ দলে খেলবা। নিজের যত্ন নিও, ফিটনেস ঠিক রাইখো। কারণ ফাস্ট বোলারের ক্যারিয়ার কিন্তু লম্বা হয় না। ব্যাটসম্যানের ক্যারিয়ার লম্বা হয়। তুমি নিজের যত্ন নিও। ২ বছর পরই তো বাংলাদেশ দলে খেলেছে এবং দেশের ফাস্টেস্ট বোলারও।