logo

আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

বাংলাদেশ পুলিশের সদস্যদের অংশগ্রহণে শুরু হয়েছে আইজিপি কাপ পুলিশ ক্রিকেট চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৬। শনিবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মিরপুরে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ও বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সভাপতি মো. ছিবগাত উল্লাহ। অনুষ্ঠানের শুরুতে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়।

পরে ক্রীড়া সালামি গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানসিক উৎফুল্লতা বাড়ানোর পাশাপাশি পেশাগত দক্ষতা উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’ 

তিনি এমন আয়োজনকে পুলিশের সদস্যদের মধ্যে সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও ইতিবাচক বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবের সেক্রেটারি ও মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোস্তাক সরকার। তিনি বলেন, ‘এ ধরনের প্রতিযোগিতা শারীরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দলগত মনোভাব গড়ে তুলতে সহায়ক।’

পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়।

এবারের আসরে অংশ নিচ্ছে মোট ২০টি দল। বিশেষ দিক হিসেবে প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় ব্যবহার করা হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতি।