logo

বিসিবির নতুন কমিটিতে তিন মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর স্ত্রী

বিসিবির নতুন কমিটিতে তিন মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর স্ত্রী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ বিলুপ্তির পর অন্তর্বর্তী সময়ে দায়িত্ব নিতে গঠিত হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি। জাতীয় ক্রীড়া পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়েই এই কমিটি কাজ করবে।

কমিটির নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সদস্য তালিকায় রাজনৈতিক অঙ্গনের সংযোগ স্পষ্ট হয়ে উঠেছে।

কমিটিতে জায়গা পেয়েছেন বিএনপির তিন নেতার ছেলে। তাদের মধ্যে রয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। তিনি ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। 

এ ছাড়া কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে  সৈয়দ ইব্রাহীম আহমদ এবং চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুও রয়েছেন এই কমিটিতে।

এ ছাড়া অন্তর্ভুক্ত হয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম, যিনি ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী। তার অন্তর্ভুক্তিও আলোচনার কেন্দ্রে রয়েছে।

কমিটির বাকি সদস্যদের মধ্যে ক্রিকেট সংশ্লিষ্ট অভিজ্ঞতা থেকে কমিটিতে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। দুজনই দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্রিকেট প্রশাসনের ভেতরের বাস্তবতা সম্পর্কে ভালো ধারণা রাখেন।

কমিটিতে সাবেক বোর্ড পরিচালক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। ক্লাব ক্রিকেটের প্রতিনিধিত্ব করছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কর্ণধর তানজিল চৌধুরী। করপোরেট অঙ্গন থেকে আছেন ইস্পাহানী গ্রুপের মির্জা সালমান ইস্পাহানি।

যদিও জাতীয় ক্রীড়া পরিষদ বলছে, সামগ্রিক ভারসাম্য বজায় রেখেই কমিটি গঠন করা হয়েছে এবং তাদের প্রধান লক্ষ্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

বর্তমানে এই এডহক কমিটির ওপরই দায়িত্ব রয়েছে দেশের ক্রিকেট প্রশাসন স্বাভাবিক রাখা এবং আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন সম্পন্ন করা।