পাকিস্তানের ইউ-টার্নে আইসিসিকে ধন্যবাদ বিসিসিআইয়ের

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পাকিস্তানের সিদ্ধান্ত বদলের পর অবশেষে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা পুরো প্রক্রিয়ায় সমাধান আনায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) ধন্যবাদ জানিয়ে এটিকে ক্রিকেটের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার রাতে পাকিস্তান সরকার ঘোষণা দেয়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ম্যাচে তাদের জাতীয় দল মাঠে নামবে। এর আগে বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি দেওয়া হবে না এবং ২০৩১ সালের আগেই একটি আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া হবে—এমন নিশ্চয়তা দেয় আইসিসি। এরপরই পাকিস্তান তাদের অবস্থান পরিবর্তন করে।
মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রাজীব শুক্লা বলেন, আইসিসির উদ্যোগে যে আলোচনা শুরু হয়েছিল এবং যেভাবে সৌহার্দপূর্ণ সমাধান এসেছে, তা ক্রিকেটের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে। তিনি বলেন, আইসিসি নেতৃত্ব দিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে এবং সংশ্লিষ্ট সব পক্ষকে এক টেবিলে এনে সমাধান খুঁজে বের করা বড় অর্জন।
শুক্লার ভাষ্য, ‘ক্রিকেটকে সামনে রেখে যে সমাধান বের হয়েছে, তা অত্যন্ত সন্তোষজনক। আইসিসি যে উদ্যোগ নিয়েছে, তার জন্য ধন্যবাদ প্রাপ্য। পাকিস্তান শেষ পর্যন্ত কলম্বোর ম্যাচ খেলতে রাজি হয়েছে—এটি বিশ্ব ক্রিকেটের জন্য ইতিবাচক বার্তা।’
তিনি আরও জানান, ভারত–পাকিস্তান ম্যাচ ঘিরে অনিশ্চয়তা কেটে যাওয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল আয়োজন হিসেবে সামনে আসবে বলে বিসিসিআই আশাবাদী। তার মতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডও আলোচনার পর স্বস্তি পেয়েছে এবং সামগ্রিকভাবে এটি সবার জন্যই ‘উইন–উইন’ পরিস্থিতি তৈরি করেছে।
চলতি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি শুরু হলেও পাকিস্তান–আইসিসি অচলাবস্থার কারণে টুর্নামেন্টের আবহে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পাকিস্তান প্রথমে বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে ত্রিপক্ষীয় আলোচনা ও আইসিসির আশ্বাসের পর সেই অবস্থান থেকে সরে আসে ইসলামাবাদ। ফলে বহুল প্রতীক্ষিত ভারত–পাকিস্তান ম্যাচ নির্ধারিত সূচি অনুযায়ী মাঠে গড়ানোর পথ পরিষ্কার হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস