logo

লাথামকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

লাথামকে অধিনায়ক করে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল নিউজিল্যান্ড

বাংলাদেশ সফর সামনে রেখে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার উইল ও’রুর্ক, ব্লেয়ার টিকনার ও ম্যাট ফিশার।

নিয়মিত সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনার আইপিএলে ব্যস্ত থাকায় এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন টেস্ট অধিনায়ক টম লাথাম। একই কারণে আইপিএল ও পিএসএলে খেলতে থাকা আরও কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকেও এই দলে রাখা হয়নি।

ইনজুরির কারণে গত কয়েক মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা তিন পেসারই এবার দলে জায়গা পেয়েছেন। পিঠের চোট থেকে সেরে উঠে ওয়ানডে দলে ফিরেছেন ও’রুর্ক। শিন ইনজুরি কাটিয়ে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন ফিশার। আর গোড়ালির চোট থেকে ফিরে দুই ফরম্যাটেই রাখা হয়েছে টিকনারকে।

দলের প্রধান কোচ রব ওয়াল্টার বলেছেন, দীর্ঘ পুনর্বাসন শেষে তাদের ফিরে আসা দলের জন্য ইতিবাচক দিক। আধুনিক ক্রিকেটে টানা খেলার চাপ সামলাতে বোলিং ইউনিটে গভীরতা থাকা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে অফস্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট আবারও দলে ফিরেছেন। ২০২৪ সালের পর এই প্রথম টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন তিনি। পাশাপাশি সাম্প্রতিক সময়ে ভারতের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে থাকা কয়েকজন তরুণ ক্রিকেটারও দলে সুযোগ পেয়েছেন।

আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ এপ্রিল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচ ২০ এপ্রিল একই ভেন্যুতে, আর তৃতীয় ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে। সিরিজের শেষ ম্যাচ ২ মে ঢাকায়।

বাংলাদেশ দল ইতোমধ্যেই ২৭ মার্চ থেকে প্রস্তুতি শুরু করেছে মিরপুরে। 

নিউজিল্যান্ড স্কোয়াড

ওয়ানডে দল:
টম লাথাম (অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ওরুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং।

টি-টোয়েন্টি দল:
টম লাথাম (অধিনায়ক), কাটেন ক্লার্ক, ক্রিশ্চিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি, ব্লেয়ার টিকনার।