logo

বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে আমির-শেহজাদ-ডু প্লেসির ভিন্ন মত

বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের একাদশ নিয়ে আমির-শেহজাদ-ডু প্লেসির ভিন্ন মত

টি-টোয়েন্টি বিশ্বকাপে টিকে থাকতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হবে পাকিস্তানকে। সমীকরণ পরিষ্কার—আগে ব্যাট করলে অন্তত ৬৫ রানে জয়, আর রান তাড়া করলে লক্ষ্য ছুঁতে হবে ১৩.১ ওভারের মধ্যে। এমন চাপের ম্যাচের আগে পাকিস্তানের সম্ভাব্য একাদশ নিয়ে মত দিচ্ছেন সাবেক তারকারা।

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টা) মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচ ঘিরে আলোচনা জমেছে টিভি স্টুডিও থেকে সামাজিক মাধ্যমে। বিশেষ করে দল নির্বাচন নিয়ে নানা মত উঠে এসেছে।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির এবং ব্যাটার আহমেদ শেহজাদ এক বিষয়ে একমত—বাবর আজমকে একাদশের বাইরে রেখে খাজা নাফেকে সুযোগ দেওয়া উচিত। ‘জিও নিউজ’-এর এক অনুষ্ঠানে পাকিস্তানের কম্বিনেশন নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, টপঅর্ডারে শাহিবজাদা ফারহান, ফখর জামান, সালমান আলি আগা ও খাজা নাফেকে রাখা যেতে পারে। উইকেটরক্ষক হিসেবে উসমান খান অপরিহার্য বলেও মত দেন তিনি।

আমিরের প্রস্তাবিত দলে শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ থাকবেন মিডল অর্ডারে। সাইম আইয়ুবকে না খেলালে আবরার আহমেদকে দলে আনার কথাও বলেন তিনি। পেস আক্রমণে শাহিন আফ্রিদি ও নাসিম শাহকে রাখতে চান সাবেক এই তারকা।

এবারের বিশ্বকাপে এখনো মাঠে নামার সুযোগ পাননি নাসিম। তবে আমিরের পুরো পরিকল্পনার সঙ্গে একমত নন শেহজাদ। তার মতে, বড় ম্যাচে অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা ঝুঁকিপূর্ণ হতে পারে। তিনি বিশেষজ্ঞ খেলোয়াড়দের ওপর আস্থা রাখার পরামর্শ দেন। শেহজাদ মনে করেন, শাদাবের জায়গায় আবরার এবং বাবরের পরিবর্তে নাফেকে সুযোগ দিলে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই ভারসাম্য আসবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি নজর দিয়েছেন ব্যাটিং অর্ডারের দিকে। চলতি বিশ্বকাপে ফখর জামান এখন পর্যন্ত একটি ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ডের বিপক্ষে তাকে পাঁচ নম্বরে পাঠানো হয়েছিল। ডু প্লেসির মতে, ফখরকে তিন নম্বরে খেলানো হলে দল উপকৃত হতে পারে। তার যুক্তি, অতীতে ওয়ানডাউন বা চার নম্বরে ফখর সফল হয়েছেন; তাই তাকে উপরের দিকে তুলে আনা ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে।

ডু প্লেসি আরও বলেন, এমন সমীকরণের ম্যাচে দলকে স্পষ্ট কৌশল নিয়ে নামতে হবে। রান তাড়া করলে দ্রুতগতির ব্যাটিং মানসিকতা, আর আগে ব্যাট করলে বড় ব্যবধানে জয়ের পরিকল্পনা—এই দুইয়ের একটিকে বেছে নিয়ে দল সাজানো উচিত।

গ্রুপে এখন পাকিস্তানের অবস্থা টানটান। ইংল্যান্ড ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে। নিউজিল্যান্ড এগিয়ে আছে নেট রানরেটে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে শুধু জয় নয়, বড় জয়ই চাই সালমান আগার দলের।

শেষ পর্যন্ত কার পরামর্শে দল সাজানো হবে, তা নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের কৌশলের ওপর। তবে এক বিষয় নিশ্চিত—এই ম্যাচে ঝুঁকি নিতেই হবে পাকিস্তানকে।