অভিষেকেই ১৫০, বিশ্বরেকর্ড ছুঁলেন প্রোটিয়া ব্যাটার

আর একটি রান করলেই বিশ্বরেকর্ডটি একার করে নিতে পারতেন প্রোটিয়া ব্যাটার জর্ডান হারমান। এক রানের আক্ষেপে রেকর্ডটা একা তার না হলেও নামিবিয়ার বিপক্ষে ১৫০ রানের দুর্দান্ত ইনিংসে ওয়ানডে অভিষেক স্মরণীয় করে রাখলেন দক্ষিণ আফ্রিকার এই ওপেনার। পুরুষদের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডে স্বদেশি ম্যাথু ব্রিটজকের পাশে বসেছেন তিনি।
বুধবার উইন্ডহোকে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রান করেন হারমান। তার ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। ১২৫ বলে দেড় শ পূর্ণ করার পরের বলেই অবশ্য আউট হন তিনি।
ব্রিটজকের রেকর্ড অবশ্য গত বছরের। ১০ ফেব্রুয়ারি লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৫০ রান করেছিলেন তিনি। সেদিন ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনসের ৪৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙেন তিনি। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে হেইনস করেছিলেন ১৪৮ রান। এবার ব্রিটজকের রেকর্ডে ভাগ বসালেন হারমান।
হারমানের ইনিংসের শুরুটা ছিল ধীরস্থির। প্রথম ফিফটি পূর্ণ করতে লাগে ৬১ বল। এরপর বাড়ান রানের গতি। ৯৩ বলে শতকে পৌঁছানোর পর দেড় শ ছুঁতে খেলেন আরও ৩২ বল।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা ২৭ রানেই হারায় কনর এস্টারহুইজেনকে। এরপর দ্বিতীয় উইকেটে টনি ডি জর্জির সঙ্গে ১৯০ রানের জুটি গড়ে বড় সংগ্রহের ভিত তৈরি করেন হারমান। ডি জর্জি করেন ৮৪ বলে ৭২ রান।
এই ইনিংসে দক্ষিণ আফ্রিকার পঞ্চম এবং পুরুষদের ওয়ানডে ইতিহাসের ২০তম ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচে শতক পেলেন হারমান। তার আগে প্রোটিয়াদের হয়ে এই কীর্তি গড়েছেন কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেন্ড্রিকস ও ব্রিটজকে।


