৩০ বছর পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে ঘটল এমন ঘটনা

শুরু হলো আরও এক টি-টোয়েন্টি বিশ্বকাপ। সচরাচর বৈশ্বিক আসরকে ঘিরে বাংলাদেশে উৎসবের আমেজ দেখা গেলেও এবারের চিত্র ভিন্ন। কারণ, বাংলাদেশকে ছাড়াই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়েছে বিশ্বকাপ।
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ নিয়মিত মুখ। এবারেরটি বাদ দিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরেই বাংলাদেশ খেলেছে নিজ যোগ্যতায়। দেখিয়েছে দাপট, করেছে পারফরম্যান্সও। ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপেরও অবিচ্ছেদ্য অংশ টাইগাররা। সবশেষ বাংলাদেশ ছাড়া বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তিন দশক আগে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে কোনো বিশ্বকাপে বাংলাদেশ সবশেষ ছিল না ১৯৯৬ সালে। সে মময় বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য ছিল বড় কিছু। তবে ১৯৯৬ বিশ্বকাপে খেলা হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। ১৯৯৯ থেকে এবারের আসর বাদ দিলে ওয়ানডে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরই খেলেছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে কেন নেই বাংলাদেশ, তা সবারই জানা। বিসিবির যৌক্তিক দাবি মেনে নেয়নি আইসিসি। যার ফলে টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে সুযোগ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর তাতে ৩০ বছর পর বাংলাদেশকে ছাড়া অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। শেষ তিন দশকে এমন বাস্তবতার সঙ্গে অভ্যস্ত নয় বাংলাদেশের অগণিত ক্রিকেটপ্রেমীরা।