১৫ ডিসেম্বর পর্দা উঠছে ডি থ্রি ট্রফির, ফাইনাল ৩১ ডিসেম্বর
-f29216-720x405.webp)
দেশের ঘরোয়া ক্রিকেটে নতুন সংযোজন ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি পর্বের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৫ ডিসেম্বর বরিশালের কবি জীবনানন্দ দাস স্টেডিয়ামে শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে অ্যাকমি ও ফরচুন। একই মাঠে ৩১ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্ব।
প্রথম আসরে অংশ নেবে অ্যাকমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লু স্টার। বরিশালের পাশাপাশি ম্যাচ আয়োজন করা হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তবে প্লে-অফ পর্বের সব ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৫ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে শুরু হবে উদ্বোধনী ম্যাচ। পরদিন মিরপুরে সকাল ১১টায় মুখোমুখি হবে ওয়ালটন ও সেভেন রিংস সিমেন্ট। ১৭ ডিসেম্বর একই মাঠে ব্লু স্টারের বিপক্ষে খেলবে ওয়ালটন। ১৯ ডিসেম্বর বরিশালে মুখোমুখি হবে সেভেন রিংস সিমেন্ট ও ব্লু স্টার।
২৭ ডিসেম্বর শুরু হবে প্লে-অফ পর্ব। সেদিন সকাল ১১টায় পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ দলের মধ্যে অনুষ্ঠিত হবে এলিমিনেটর। বিকেল সাড়ে ৩টায় প্রথম ও দ্বিতীয় দলের মধ্যে হবে প্রথম কোয়ালিফায়ার।
প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল ও এলিমিনেটরে জয়ী দলের মধ্যে দ্বিতীয় কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে ২৯ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর দুপুর ২টা ৪৫ মিনিটে হবে শিরোপা নির্ধারণী ম্যাচ। বৃষ্টিসহ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ফাইনালের জন্য ২০২৭ সালের ১ জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে।
ঘরোয়া ক্রিকেটকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় করতে চলতি বছরের সেপ্টেম্বরে ডি থ্রি ট্রফি চালুর ঘোষণা দেয় বিসিবি। নতুন এই প্রতিযোগিতায় একই ছয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেটে অংশ নেবে।
আগামী বছরের জানুয়ারিতে চার দিনের এবং মে মাসে ৫০ ওভারের প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে বোর্ডের। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, তিন সংস্করণ মিলিয়ে মোট ৪২টি ম্যাচ হওয়ার কথা।
এদিকে ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা আগামীকাল সোমবার (২৬ অক্টোবর)। রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১১টায় শুরু হবে নিলাম। এর জন্য ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। প্রতিটি দল ২৩ জনের স্কোয়াড গঠন করবে। ছয় ফ্র্যাঞ্চাইজির একজন করে আইকন ক্রিকেটার আগেই চূড়ান্ত করা হয়েছে। বাকি ২২ জনকে নিলামের মাধ্যমে দলে নেবে তারা।


