logo

নেপাল প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল-সোহেল

নেপাল প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করবেন বাংলাদেশের মুকুল-সোহেল
মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। ছবি: কোলাজ

নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) তৃতীয় আসরে আম্পায়ারিংয়ের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের দুই আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আন্তর্জাতিক প্যানেলে থাকা এই দুই আম্পায়ার নেপালের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ পরিচালনা করবেন।

আগামী সোমবার (২৬ অক্টোবর) কাঠমান্ডুর অদূরে কীর্তিপুরে শুরু হবে এবারের আসর। সেখানকার ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সব ম্যাচ। আগামী ২১ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে প্রতিযোগিতার।

বাংলাদেশের দুই অভিজ্ঞ আম্পায়ার মুকুল ও সোহেল এর আগেও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন। গত বছর এশিয়া কাপে আম্পায়ারিং করেন দুজনই। ওই আসরে ভারত-পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মুকুল।

এবারের নেপাল প্রিমিয়ার লিগে অংশ নেবে আটটি ফ্র্যাঞ্চাইজি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন লুম্বিনি লায়ন্স ও সুদূরপশ্চিম রয়্যালস।

এবার প্রথমবারের মতো নেপাল প্রিমিয়ার লিগে ব্যবহার করা হবে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন) জানিয়েছে, টুর্নামেন্টের সব ম্যাচেই ব্যবহার করা হবে এই প্রযুক্তি।

এবারের ডিআরএসে এলবিডব্লিউ সিদ্ধান্ত যাচাইয়ের জন্য থ্রিডি বল ট্র্যাকিং এবং ব্যাটে বলের স্পর্শ শনাক্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রতিটি দল প্রতি ইনিংসে দুটি অসফল রিভিউয়ের সুযোগ পাবে।