logo
Advertisement
টপ এন্ড টি-টোয়েন্টি

হ্যাটট্রিক জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি

এশিয়া পোস্ট স্পোর্টস
হ্যাটট্রিক জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি
এইচপির আরিফুল ইসলাম। ছবি: এনটি ক্রিকেট

একজন বল হাতে নিলেন চার উইকেট, অন্যজন ব্যাট হাতে খেললেন ৬৬ রানের ইনিংস। তবু টানা তিন জয়ের ছন্দ ধরে রাখতে পারল না বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। টপ এন্ড টি-টোয়েন্টিতে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে এইচপি।

Advertisement

ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৬৪ রান তোলে অ্যাডিলেড। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ওপেনার টমাস কেলি। তার ২০ বলের ইনিংসটি অ্যাডিলেডকে দ্রুত শুরু এনে দেয়।

বাংলাদেশের সফলতম বোলার আবদুল গাফফার সাকলাইন। শেষ ওভারে মাত্র ৫ রান দিয়ে তিনটি উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে আরও বড় সংগ্রহ থেকে আটকে দেন এই মিডিয়াম পেসার। সব মিলিয়ে ৪ ওভারে ২১ রান দিয়ে তার শিকার ৪ উইকেট। অফ স্পিনার মোহাম্মদ রুবেল নেন ৩০ রানে ৩ উইকেট।

১৬৫ রানের লক্ষ্যে নেমে প্রথম বলেই জিসান আলমকে হারায় বাংলাদেশ। ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে হাবিবুর রহমানকে নিয়ে ৪৫ বলে ৬১ রানের জুটি গড়েন আরিফুল ইসলাম। হাবিবুর ১৮ বলে ২৩ রান করে ফিরলে আবারও চাপে পড়ে দল।

এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান আরিফুল। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় প্রয়োজনীয় রান তোলার গতি বাড়াতে পারেনি এইচপি। ৫৪ বলে ৬৬ রান করে আরিফুল যখন ফেরেন, তখন ১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২৯।

শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ৩৬ রান। উনিশতম ওভারে মাত্র ৩ রান আসায় শেষ ছয় বলে সমীকরণ দাঁড়ায় ৩৩ রানের। শেষ ওভারে ১১ রান তুলে ৯ উইকেটে ১৪৩ রানে থামে বাংলাদেশ।

হারলেও চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে এইচপি। নর্দার্ন টেরিটরি স্ট্রাইকের পয়েন্টও ৬, তবে নেট রান রেটে এগিয়ে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার নিজেদের পঞ্চম ম্যাচে নিউজিল্যান্ড ‘এ’ দলের মুখোমুখি হবে এইচপি।

হ্যাটট্রিক জয়ের পর অবশেষে হারের মুখ দেখল বাংলাদেশ এইচপি