বিপিএলে দল কিনতে আগ্রহী লাহোর কালান্দার্সের মালিক

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দল কিনতে চান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের অন্যতম মালিক সামিন রানা। সুযোগ ও শর্ত অনুকূলে থাকলে বাংলাদেশের ক্রিকেটে বিনিয়োগ করতে আগ্রহী তিনি। এরই মধ্যে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বিপিএলের উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা ও পরিকল্পনা বিনিময়ের কথাও জানিয়েছেন পাকিস্তানের এই ক্রিকেট সংগঠক।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশি সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের আগ্রহের কথা জানান সামিন। তবে বিপিএলে দল কেনার বিষয়টি নির্ভর করছে কী ধরনের সুযোগ পাওয়া যায় এবং সংশ্লিষ্ট শর্তগুলোর ওপর।
সামিন বলেন, ‘বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছের একটি দেশ। বিপিএল কিংবা বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হওয়ার সুযোগ খুঁজছি। সবকিছু নির্ভর করছে কী ধরনের সুযোগ পাওয়া যায়, তার ওপর। সুযোগ থাকলে আমি অবশ্যই বিপিএলের অংশ হতে চাই।’
বিপিএলের প্রশংসা করলেও প্রতিযোগিতাটির সাম্প্রতিক সংকটের কথাও তুলে ধরেছেন লাহোর কালান্দার্সের এই মালিক। তার মতে, বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেটের প্রতি মানুষের যে আবেগ, তাতে এমন একটি লিগ পরিচালনায় এতটা সমস্যায় পড়ার কথা নয়।
সামিন বলেন, ‘বিপিএল দারুণ একটি টুর্নামেন্ট। আমি জানি, কিছু কারণে প্রতিযোগিতাটি কঠিন সময় পার করছে। তবে বাংলাদেশ ও পাকিস্তানে ক্রিকেট নিয়ে মানুষের যে আবেগ, তাতে এমন একটি লিগ পরিচালনায় এতটা সংগ্রাম করতে হওয়ার কথা নয়।’
আর্থিক ক্ষতি ও ফ্র্যাঞ্চাইজিগুলোর নানা জটিলতার কারণে বিপিএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত আগস্টে বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, ২০২৬-২৭ মৌসুমে বিপিএল আয়োজন করা হবে না। প্রতিযোগিতাটিকে নতুন কাঠামোয় ফিরিয়ে আনার পরিকল্পনা করছে বোর্ড।
এমন পরিস্থিতিতে তামিমের সঙ্গে নিজের অভিজ্ঞতা বিনিময়ের কথাও জানিয়েছেন সামিন। পিএসএলে দীর্ঘ ১১ বছর কাজ করার পাশাপাশি দক্ষিণ আফ্রিকার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, টি-টেন ক্রিকেট ও কানাডার ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তার।
তামিমের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সামিন বলেন, ‘তামিম ভাইয়ের সঙ্গে আমার কিছু আলোচনা হয়েছে। সেখানে আমরা নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছি। বছরের পর বছর কাজ করে আমরা অনেক কিছু শিখেছি। কীভাবে প্রতিযোগিতাটিকে আরও উন্নত করা যায়, সে বিষয়ে কিছু ভাবনা ভাগাভাগি করেছি।’
তবে শুধু ফ্র্যাঞ্চাইজি কেনাই তার একমাত্র লক্ষ্য নয়। বিপিএলে বিনিয়োগের সুযোগ না পেলেও বাংলাদেশের ক্রিকেটারদের উন্নয়নে বিসিবির সঙ্গে কাজ করতে চান সামিন।
সম্প্রতি গায়ানার সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে ক্রিকেটার ও কোচদের উন্নয়ন নিয়ে একটি চুক্তি করেছে লাহোর কালান্দার্স। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের সঙ্গেও ক্রিকেটার বিনিময় কর্মসূচি চালুর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সামিন বলেন, ‘আশা করি বিপিএলে কোনো সুযোগ পাব। যদি না-ও পাই, বিসিবির সঙ্গে ক্রিকেটার বিনিময় কর্মসূচি করতে চাই। জিম্বাবুয়ের আটজন ক্রিকেটার ছয় সপ্তাহ ইসলামাবাদের হাই পারফরম্যান্স সেন্টারে অনুশীলন করেছে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্যও এমন সুযোগ তৈরি করতে পারলে ভালো লাগবে।’
পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে এর আগেও খেলেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এবার বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে আরও বড় পরিসরে যুক্ত হওয়ার আশা সামিনের। তবে বিপিএলে দল কেনার আগ্রহ প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে চূড়ান্ত সমঝোতা কিংবা আনুষ্ঠানিক চুক্তির খবর পাওয়া যায়নি।

