Advertisement

৬ উইকেট নিয়েও টাইগারদের প্রশংসায় হ্যাজলউড

এশিয়া পোস্ট স্পোর্টস
৬ উইকেট নিয়েও টাইগারদের প্রশংসায় হ্যাজলউড
জশ হ্যাজেলউড। ছবি: গেটি ইমেজ

ব্যক্তিগত অর্জনের দিনে দলকে স্বস্তি দিতে পারলেন না জশ হ্যাজলউড। ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে ছয় উইকেট নেওয়ার পথে ৩০০ টেস্ট উইকেটের মাইলফলক ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার। তবে বাংলাদেশ ৪২৬ রান তোলায় ২২৮ রানের বড় লিডের বোঝা চাপে স্বাগতিকদের ওপর।

Advertisement

তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের শেষ চার উইকেটই নেন হ্যাজলউড। মেহেদী হাসান মিরাজকে ৬৫ রানে ফিরিয়ে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের ৩০০ উইকেট। শেষ পর্যন্ত ৮৯ রানে ছয় উইকেট নিয়ে ইনিংস শেষ করেন তিনি।

কঠিন উইকেটে বাংলাদেশের ব্যাটাররা যেভাবে লড়াই করেছেন, তার প্রশংসা করেছেন হ্যাজলউড। ইনিংস শেষে তিনি বলেন, ‘এই উইকেটে কাজটা বেশ কঠিন ছিল। শেষ দিকে আমরা চেষ্টা করেছি রান যেন খুব দ্রুত না আসে। বাংলাদেশ দারুণ দৃঢ়তা দেখিয়েছে। এখানে উইকেট নেওয়া সহজ ছিল না। সব মিলিয়ে এটি ভালো একটি প্রচেষ্টা।’

কিছুদিনের বিরতির পর টেস্টে ফিরে ১০০ ওভারের বেশি সময় মাঠে থাকতে হয়েছে হ্যাজলউডকে। তবে নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট এই পেসার।

তিনি বলেন, ‘প্রয়োজনীয় সবকিছুই করতে পেরেছি বলে মনে হয়। বিরতির পর প্রথম ম্যাচে ১০০ ওভারের বেশি সময় মাঠে থাকা কঠিন। তবে গত চার-পাঁচ সপ্তাহে সবাই অনেক পরিশ্রম করেছে। প্রস্তুতিতে যা করার ছিল, আমরা করেছি এবং ভালোভাবেই পার করতে পেরেছি।’

৩০০ উইকেটের মাইলফলক নিয়ে হ্যাজলউডের কণ্ঠে ছিল তৃপ্তি। অস্ট্রেলিয়ার এই পেসার বলেন, ‘খেলার সময় সত্যি বলতে এসব মাইলফলক নিয়ে খুব একটা ভাবা হয় না। সম্ভবত ক্যারিয়ার শেষে ফিরে তাকালে বিষয়টি ভালোভাবে অনুভব করা যাবে। তালিকায় থাকা নামগুলো দেখা এবং তাদের তিনজনের সঙ্গে খেলতে পারা সত্যিই দারুণ।’

ব্যাটিংয়ের জন্য উইকেট ভালো হলেও নতুন বল সামলানোই অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন হ্যাজলউড। তিনি বলেন, ‘উইকেট অবশ্যই ব্যাটিংয়ের জন্য ভালো। আমার মনে হয়, নতুন বলটাই মূল বিষয়। সেটি সামলে নিতে পারলে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে। যদিও ব্যবধান কমাতে আমাদের এখনো অনেক পথ যেতে হবে।’

হ্যাজলউডের সেই শঙ্কাই পরে সত্যি হয়েছে। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে নতুন বলে জেক ওয়েদারল্ড ও ট্রাভিস হেডকে ফিরিয়েছেন হাসান মাহমুদ। তৃতীয় দিনের চা-বিরতিতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। স্বাগতিকরা তখনো পিছিয়ে ১৭৭ রানে।

৬ উইকেট নিয়েও টাইগারদের প্রশংসায় হ্যাজলউড