logo
Advertisement

এশিয়ান গেমস ক্রিকেটে শক্তিশালী দল পাঠাবে বাংলাদেশ

এশিয়া পোস্ট স্পোর্টস
এশিয়ান গেমস ক্রিকেটে শক্তিশালী দল পাঠাবে বাংলাদেশ
পদকের লড়াইয়ে সর্বোচ্চ সেরা দলই পাঠাবে বিসিবি। ছবি: বিসিবি ও এশিয়ান গেমসের লোগো।

এশিয়ান গেমসে ভালো মানের দল পাঠানোর পরিকল্পনা আগেই ছিল বাংলাদেশের। তবে জাসপ্রীত বুমরাহদের নিয়ে গড়া ভারতের তারকাবহুল স্কোয়াড দেখার পর সেই পরিকল্পনায় এসেছে পরিবর্তন। এবার জাতীয় দলের প্রায় সব সেরা খেলোয়াড়কে নিয়েই জাপানে যেতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

Advertisement

শুরুতে জাতীয় দলের কয়েকজন এবং জাতীয় দলের কাছাকাছি থাকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর কথা ভেবেছিলেন নির্বাচকেরা। ভারতের স্কোয়াড ঘোষণার পর পদক জয়ের লড়াইয়ে পিছিয়ে না থাকতে সম্ভাব্য সেরা দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় দলের নির্বাচক নাদিফ চৌধুরীর বরাতে দ্য ডেইলি স্টার জানায়, প্রথমে জাতীয় দল ও জাতীয় দলের কাছাকাছি থাকা খেলোয়াড়দের নিয়ে মোটামুটি ভালো একটি দল গড়ার পরিকল্পনা ছিল বিসিবির। কিন্তু ভারতের দল দেখার পর যতটা সম্ভব সেরা দল পাঠানোর চেষ্টা করবে বাংলাদেশ।

চোটে থাকা মোস্তাফিজুর রহমানকেও দলে রাখার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নাদিফ। তবে বাঁহাতি এই পেসারের অন্তর্ভুক্তি নির্ভর করবে তার শারীরিক অবস্থার ওপর। বাংলাদেশের চূড়ান্ত দল এখনো ঘোষণা করা হয়নি।

এশিয়ান গেমসের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ভারত। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন দলটিতে বুমরাহ ছাড়াও রয়েছেন অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিষান, তিলক ভার্মা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং ও বৈভব সূর্যবংশীর মতো ক্রিকেটাররা।

ভারতের পাশাপাশি পরিচিত ক্রিকেটারদের নিয়ে দল সাজিয়েছে পাকিস্তানও। তাদের স্কোয়াডে আছেন সাহিবজাদা ফারহান ও আবরার আহমেদের মতো আন্তর্জাতিক ক্রিকেটার। ফলে জাপানে সোনা জয়ের লড়াই যে বেশ কঠিন হবে, সেটি পরিষ্কার।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সুবাদে এবার সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে অভিযান শুরু করবে বাংলাদেশ। আগামী ২৯ সেপ্টেম্বর গ্রুপ ‘বি’র সেরা দলের মুখোমুখি হবে তারা। ওই গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান।

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের ইতিহাসও রয়েছে। ২০১০ সালে চীনের গুয়াংজুতে স্বর্ণপদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালের ইনচন ও ২০২২ সালের হাংজু আসরে ব্রোঞ্জ জেতে লাল-সবুজের দল।