শ্রীলঙ্কাকে ২২৩ রানে উড়িয়ে সিরিজ জিতল ইংল্যান্ড

টম ব্যান্টনের প্রথম ওয়ানডে সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে ২২৩ রানে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ২-১ ব্যবধানে ট্রফি নিজেদের করে নিয়েছে স্বাগতিকেরা।
রোববার (২৭ সেপ্টেম্বর) লন্ডনের ওভালে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩৫৫ রান তোলে ইংল্যান্ড। জবাবে ২৯.১ ওভারেই ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ব্যান্টনের সেঞ্চুরির পর বল হাতে লিয়াম ডসন ও গাস অ্যাটকিনসন মিলিয়ে নেন পাঁচ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড অবশ্য শুরুতেই ধাক্কা খায়। দ্বিতীয় ওভারে বেন ডাকেটকে শূন্য রানে বোল্ড করেন দিলশান মাদুশঙ্কা। এরপর জো রুটের সঙ্গে ৬২ রানের জুটি গড়ে ইনিংস সামলান ব্যান্টন। রুট ৩৭ বলে ১৮ রান করে ফিরলেও অন্য প্রান্তে স্বচ্ছন্দে খেলতে থাকেন এই ওপেনার।
অধিনায়ক হ্যারি ব্রুককে নিয়ে তৃতীয় উইকেটে ১৫০ রান যোগ করেন ব্যান্টন। ৯৫ বলে পূর্ণ করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১০৫ বলে ১২৬ রান করেন তিনি, মারেন ১৬টি চার ও ৫টি ছক্কা। ব্রুকের ব্যাট থেকে আসে ৬৬ বলে ৭৭ রান।
শেষদিকে রান বাড়ানোর দায়িত্ব নেন জর্ডান কক্স। ৫২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার। উইল জ্যাকস করেন ২৫ রান, জেমি ওভারটন অপরাজিত থাকেন ২১ রানে। শেষ ১০ ওভারে ১০৪ রান তুলে সাড়ে তিন শ পেরোয় ইংল্যান্ড।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৬৪ রানে নেন ৩ উইকেট। সাচিন্দু কলম্বাগে পান ২ উইকেট।
৩৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কাকে ১ রানে ফিরিয়ে ওয়ানডেতে নিজের প্রথম উইকেট পান সনি বেকার। এরপর কামিন্দু মেন্ডিস ও কুশল মেন্ডিসকে ফেরান অ্যাটকিনসন।
কুশল ২৬ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। আর কোনো লঙ্কান ব্যাটার ২০ রানও করতে পারেননি। ৮২ রানে ৬ উইকেট হারানোর পর সফরকারীদের লড়াই কার্যত শেষ হয়ে যায়।
ডসন ৮ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। অ্যাটকিনসন সমান রান খরচায় পান ২ উইকেট। জ্যাকসের বলে ইশান মালিঙ্গার ক্যাচ নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের সমাপ্তি টানেন রুট। এই জয়ে লঙ্কানদের বিপক্ষে টানা পঞ্চম দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ইংল্যান্ড।
