logo
Advertisement

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বড় চোট রাচিন রবীন্দ্রর

বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে বড় চোট রাচিন রবীন্দ্রর
রাচিন রবীন্দ্র। ছবি: আইসিসি

মাঠের ম্যাচে নয়, বিজ্ঞাপনের শুটিং করতে গিয়েই বড় চোট পেলেন কিউই তারকা রাচিন রবীন্দ্র। ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার দৃশ্য ধারণের সময় ডান কাঁধ ডিসলোকেট হয়েছে নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারের। ফলে ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।

গত বুধবার অকল্যান্ডে সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্কাইয়ের একটি প্রচারণামূলক শুটিংয়ে অংশ নিচ্ছিলেন রাচিন। ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার সময় নিরাপত্তার জন্য রাখা ম্যাটে অস্বাভাবিকভাবে পড়ে যান তিনি। সেখানেই কাঁধে চোট পান।

শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষায় অবশ্য বড় ধরনের কাঠামোগত ক্ষতি ধরা পড়েনি। তবে মাঠে ফেরার নির্দিষ্ট সময় এখনো জানাতে পারেনি নিউজিল্যান্ড ক্রিকেট। পুনর্বাসনের শুরুর কয়েক সপ্তাহে তার উন্নতির ওপরই নির্ভর করবে ফেরার সময়।

আগামী ২২ অক্টোবর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। সিরিজটির দলও ঘোষণা হওয়ার কথা আগামী সপ্তাহে।

নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ ও ‘অস্বাভাবিক দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তার দাবি, শুটিংয়ের আগে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েই কার্যক্রমটি করা হয়েছিল। এরপরও ভবিষ্যতে এ ধরনের বাণিজ্যিক কার্যক্রমের প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করবে বোর্ড।

প্রধান কোচ রব ওয়াল্টারও রাচিনকে ফেরাতে তাড়াহুড়ো করতে চান না। সামনে টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি থাকায় পুরোপুরি সুস্থ হয়েই তাকে মাঠে ফেরানোর পরিকল্পনা নিউজিল্যান্ডের।