পিএসএল থেকে সরে দাঁড়ালেন গুরবাজ

আসন্ন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আসর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তানের উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। মূলত নিজের প্রতিষ্ঠিত কল্যাণমূলক ফাউন্ডেশনের কাজকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
পিএসএল ফ্রাঞ্চাইজি জালমি আগেই গুরবাজকে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলবেন না ২৩ বছর বয়সি এই তারকা। তবে পিএসএল থেকে সরে দাঁড়ালেও চলমান আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলের হয়ে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবেন তিনি। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বিশ্বকাপ চলবে আগামী ৮ মার্চ পর্যন্ত।
নিজের ইনস্টাগ্রাম পোস্টে গুরবাজ লেখেন, ‘সালাম সবাইকে, বিশ্বকাপের পর এই মৌসুমে পিএসএলে আমি থাকছি না সূচির কারণে। আফগানিস্তানে আমার ফাউন্ডেশনের কাজেই বেশি মনোযোগ দেব। সবার ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
রহমানউল্লাহ গুরবাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন কী
গুরবাজের প্রতিষ্ঠিত এই অলাভজনক সংস্থাটি আফগানিস্তানের সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশেষ করে দরিদ্র পরিবার, তরুণ সমাজ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহায়তা করাই এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য।
এদিকে পিএসএল ২০২৬ মৌসুমের প্লেয়ার নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা ১১ ফেব্রুয়ারি। এরই মধ্যে কয়েকজন তারকা ক্রিকেটার সরাসরি চুক্তিতে বিভিন্ন দলে নাম লিখিয়েছেন। আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটার স্টিভ স্মিথ খেলবেন সিয়ালকোট স্ট্যালিয়নজে, আর মঈন আলি যোগ দিয়েছেন করাচি কিংসে।
এদিকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্স থেকে ছাড়া পেয়েছিলেন, তিনি যোগ দিয়েছেন লাহোর কালান্দার্সে। এবারের আসরটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, প্রথমবারের মতো ছয় থেকে বেড়ে আট দলে পরিণত হয়েছে পিএসএল। পাকিস্তান ক্রিকেট বোর্ড নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত করায় প্রতিযোগিতাটি আরও জমজমাট হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।