আতাপাত্তুর ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে ফাইনালে শ্রীলঙ্কা

এশিয়ান গেমস নারী ক্রিকেটে প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। চামারি আতাপাত্তুর বিধ্বংসী ব্যাটিংয়ে প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৭৭ রান তোলে পাকিস্তান। আয়েশা জাফর ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় করেন ৭১ রান। শাওয়াল জুলফিকার খেলেন ৫০ বলে ৫৪ রানের ইনিংস। দুজনের ১১৫ রানের জুটিতেই বড় সংগ্রহ পায় পাকিস্তান।
তবে ১৭৮ রানের লক্ষ্যও কঠিন হতে দেননি আতাপাত্তু। সাত চার ও ছয় ছক্কায় ৫০ বলে অপরাজিত ৮৩ রান করেন শ্রীলঙ্কা অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দেন হাসিনি পেরেরা, ২৬ বলে করেন ৪২ রান।
এর আগে ওপেনার ইমেশা দুলানি ২৭ ও হারশিতা সামারাবিক্রমা ১৭ রান করেন। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা।
পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন নাশরা সান্ধু ও অধিনায়ক ফাতিমা সানা।
ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল। অন্যদিকে সেই ম্যাচে হেরে যাওয়া দলের বিপক্ষে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে নামবে পাকিস্তান।


